মাদকাসক্ত স্বামীর দেওয়া আগুনে পুড়ে দগ্ধ অবস্থায় ৫ দিন হাসপাতালে থাকার পর গোপালগঞ্জের মুকসুদপুরের গোহালা গ্রামের হেলেনা আক্তার নামের একজন গৃহবধূর মৃত্যু হয়েছে।
আজ (১০ জুন) সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
হেলেনার পারিবারিক সূত্র জানায়, প্রায় দেড় যুগ আগে মুকসুদপুর উপজেলার ডুমুরিয়া গ্রামের ওসমান শেখের সঙ্গে হেলেনার বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী ওসমান শেখ বিভিন্ন সময়ে হেলেনাকে মারধর করতেন। নেশাগ্রস্ত স্বামী ওসমান শেখের অত্যাচার সইতে না পেরে হেলেনা বাবার বাড়িতে থাকতেন।
তিনি জানান, গত বৃহস্পতিবার ৬ জুন রাতে হেলেনা ছেলেকে নিয়ে ঘরে ঘুমিয়ে ছিলেন। মধ্যে রাতে স্বামী ওসমান শেখ জানালা দিয়ে হেলেনা ও তার শিশু পুত্র অন্তরের ওপর পেট্রল ছুড়ে মারলে তারা দগ্ধ হন। হেলেনার চিৎকারে বাড়ির লোকজন ছাড়াও আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে গেলে স্বামী ওসমান পালিয়ে যায়।
পরে প্রতিবেশিদের সহায়তায় হেলেনা ও তার শিশু পুত্র অন্তরকে প্রথমে মাদারীপুরের রাজৈর ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে হেলেনা মারা যান। হেলেনার শিশু পুত্র অন্তর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।
মুকসুদপুর থানার ওসি মো. আশরাফুল আলম বলেন, স্বামীর দেওয়া আগুনে পুড়ে মৃত্যু হেলেনা আক্তারের স্বামী ওসমান শেখ ঘটনার পর থেকেই পলাতক। অভিযোগ পেলেই আমরা তাকে ধরতে সব চেষ্টা অব্যাহত রাখবো।







