জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে রাজধানীর বনানী সামরিক কবরস্থানে শহীদ সেনা সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ও তিন বাহিনী প্রধান।
আজ (২৫ ফেব্রুয়ারি) মঙ্গলবার সকাল ৯টায় স্বরাষ্ট্র উপদেষ্টা পিলখানায় নিহত সামরিক কর্মকর্তা ও সদস্যদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানরা পুষ্পস্তবক অর্পণ করেন। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ও বিজিবির পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। শহীদ পরিবারের সদস্যরাও পুষ্পস্তবক অর্পণ করেন। অনুষ্ঠানে এক মিনিট নীরবতা পালন ও শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর (বর্তমানে বিজিবি) সদর দপ্তরে সংঘটিত বিদ্রোহে তৎকালীন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৫৭ জন সেনা কর্মকর্তা ও ১৭ জন বেসামরিক ব্যক্তি নিহত হন। বাংলাদেশের ইতিহাসে এই বিভীষিকাময় ঘটনাকে দেশের সার্বভৌমত্বের ওপর বড় আঘাত হিসেবে বিবেচনা করা হয়। ১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধের পর এটিই ছিল একসঙ্গে এত সংখ্যক সেনা কর্মকর্তা নিহত হওয়ার মর্মান্তিক ঘটনা।
সরকার এবার প্রথমবারের মতো ২৫ ফেব্রুয়ারিকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ হিসেবে ঘোষণা করে রাষ্ট্রীয়ভাবে দিবসটি পালনের সিদ্ধান্ত নেয়। পিলখানা ট্র্যাজেডির ১৬ বছর পূর্তিতে এই দিনটি জাতীয়ভাবে স্মরণ করা হচ্ছে।








