ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯ মৃত্যু

ছবি: সংগৃহীত
দেশে ডেঙ্গুর প্রকোপ আরও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে একদিনে এটাই সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯০২ জন।
সোমবার (৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে ২৭১ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৮ হাজার ৩৬০ জন।
গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বরিশাল বিভাগে ২ জন এবং চট্টগ্রাম, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগে একজন করে মারা গেছেন। মৃতদের মধ্যে ৫ জন পুরুষ ও ৪ জন নারী।
এর আগে গত ৮ সেপ্টেম্বরও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনে ৯ জনের মৃত্যু হয়েছিল। ওই মাসে সারাদেশে ডেঙ্গুতে ১৪৮ জনের মৃত্যু হয়।
চলতি বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি ৭৪ জনের মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়।






