পুত্র সন্তানের মা হয়েছেন সঞ্জয় লীলা বানশালী পরিচালিত ‘হীরামাণ্ডি’ খ্যাত অভিনেত্রী শারমিন সেহগল। সাংবাদিক ভিকি ললওয়ানি এই খবরে সিলমোহর দিয়েছেন। যদিও শারমিন বা তার স্বামী কেউই মা-বাবা হওয়ার খবর এখনও প্রকাশ্যে অনেননি। তবে মিডিয়া রিপোর্ট মোতাবেক, গেল ২৮ মে-ই শারমিনের কোল আলো করে এসেছে রাজপুত্র। এখন অপেক্ষা কবে শারমিন ও তার স্বামী আমান দুই থেকে তিন হওয়ার সুখবর দেন।
গেল বছর ‘হীরামান্ডি’ ওয়েব সিরিজ়ে আলমজেব চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল শারমিন সেহগলকে। কিন্তু সিরিজটি মুক্তির পর থেকেই ক্রমাগত সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাকে। তাইতো ‘হীরামান্ডি’ সিরিজের সমালোচনার পর আর কোন ছবি কিংবা সিরিজ়ে দেখা যায়নি তাকে। খানিক যেন নিজেকে গুটিয়ে নেন।
এরপর গত বছরের নভেম্বর মাসে শিল্পপতি আমান মেহতার সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। তারপর থেকেই মুম্বাই ছেড়ে আহমদাবাদে থাকতেন তিনি। বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই মা হলেন বানসালীর ভাগ্নি। তবে তিনি যে অন্তঃসত্ত্বা, সে বিষয়ে কাউকে কিছু জানননি।
শারমিনের স্বামী আমান ৫৩,৮০০ কোটি টাকার সম্পত্তির অধিকারী। ‘টোরেন্ট ফার্মাসিউটিকল’ হল আমান মেহতার পারিবারিক ব্যবসা। এছাড়াও এই কোম্পানিরই ছাতার তলায় রয়েছে ‘টোরেন্ট পাওয়ার’, ‘টোরেন্ট গ্যাস’, ‘টোরেন্ট কেবল’-এর মতো ব্যবসা। এই সংস্থার প্রতিষ্ঠাতা আমানের বাবা সুধীর মেহতা। যদিও এই মুহূর্তে ব্যবসার যাবতীয় দেখাশোনা আমানই করেন।








