রাজধানীতে টানা ভারী বৃষ্টি ও বিরূপ আবহাওয়ার কারণে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান রোববার (১২ জুলাই) সব ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ছুটি ঘোষণা করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ এবং সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজ। এসব প্রতিষ্ঠানে রোববারের নির্ধারিত অর্ধবার্ষিক পরীক্ষা ও শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।
সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের বারিধারা শাখার এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং অব্যাহত ভারী বর্ষণের কারণে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে দিনের সব পরীক্ষা ও পাঠদান স্থগিত রাখা হয়েছে। পরীক্ষার নতুন সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে।
অন্যদিকে, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, নবম শ্রেণির অর্ধবার্ষিক পরীক্ষা, দশম শ্রেণির প্রাক-নির্বাচনী পরীক্ষা এবং একাদশ শ্রেণির ব্যবহারিক পরীক্ষা আপাতত স্থগিত করা হয়েছে। সংশোধিত সময়সূচি পরবর্তীতে প্রকাশ করা হবে।
সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজও ভারী বৃষ্টিপাতের কারণে স্কুল ও কলেজ শাখার সব শ্রেণির ক্লাস এবং পরীক্ষা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। স্থগিত পরীক্ষাগুলোর নতুন তারিখ পরে জানানো হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত কয়েকদিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টিপাত হচ্ছে। রোববার মধ্যরাতের পর থেকে রাজধানীতে থেমে থেমে বৃষ্টি হলেও ভোরের দিকে তা আরও জোরালো আকার ধারণ করে।
এদিকে কয়েক ঘণ্টার বৃষ্টিতেই রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেক অভিভাবক। তাদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়েই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ছুটির সিদ্ধান্ত নিয়েছে।
রাজধানীর আরও কয়েকটি স্কুল ও কলেজ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে জানা যায়, আবহাওয়ার পরিস্থিতি বিবেচনায় প্রয়োজন হলে দ্রুত ছুটির বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।









