কক্সবাজারের একটি হোটেলে বিশ্রাম নেয়ার সময় মোবাইল ফোন খুইয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তবে তিনি এ বিষয়ে কোন ধরণের অভিযোগ বা জিডি না করেই শুক্রবার ভোরে কক্সবাজার ত্যাগ করেছেন।
তার জিডি না করার বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. মশিউর রহমান। তিনি বলেন, বৃহস্পতিবার মুঠোফোন খোয়া যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে যায়। পুলিশ মুঠোফোনটি উদ্ধারে চেষ্টা অব্যাহত রাখে। কিন্তু তিনি (হাসনাত আব্দুল্লাহ) এ ব্যাপারে মৌখিকভাবে জানালেও তিনি কোন ধরণের জিডি বা অভিযোগ করেননি।
বৃহস্পতিবার মোবাইল হারানোর বিষয়টি নিশ্চিত করে হাসনাত আব্দুল্লাহ জানান, তার ফোনটি স্যামস্যাং এস-২৪ আলট্রা মডেলের। হোটেল কক্ষে সকালে ১১টার দিকে তিনি ঘুমিয়ে ছিলেন। ঘুম থেকে উঠে ফোন না পেয়ে জেলা প্রশাসনকে মৌখিকভাবে জানিয়েছেন।
জিডি বা অভিযোগ না করার বিষয়ে জানতে তার মোবাইল নাম্বারে একাধিক চেষ্টা করা হয়। কিন্তু সেখানে সংযোগ মিলেনি। তার সফর সঙ্গী হিসেবে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফির মুঠোফোনে একাধিকবার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
তবে, নাম প্রকাশে অনিচ্ছুক কক্সবাজারের এক সমন্বয়ক জানান, রাতভর চেষ্টার পরও উদ্ধার করতে না পারায় হাসনাত আব্দুল্লাহ শুক্রবার ভোরে কক্সবাজার ত্যাগ করেছেন। তার এক জায়গায় আলোচনা সভা রয়েছে। সেখানে তিনি বক্তব্য রাখবেন।
মোবাইল হারিয়ে ফেলার বিষয়ে কেন জিডি বা অভিযোগ দেননি জানতে চাইলে তিনি বলেন, জিডি করার কথা ছিল। কেন করেননি তা আমাদেরকে স্পষ্ট করেনি।
পেকুয়া-চকরিয়ায় আন্দোলনে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করে বৃহস্পতিবার কক্সবাজারের হিলটন হোটেলে উঠেন হাসনাত আব্দুল্লাহ হোটেলে বিশ্রাম নিচ্ছিলেন হাসনাত। সেখান থেকে তার ফোনটি খুয়েছেন বলে ধারণা করা হচ্ছে।









