ইউরোপের লিগগুলোতে যেন কোচ বরখাস্তর হিড়িক লেগেছে। বছর শুরুর মাসেই চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ এবং ফ্রাঙ্কফুর্টের পর এবার কোচ ছাঁটাইয়ের তালিকায় নাম লেখাল হামজা দেওয়ান চৌধুরীর ক্লাব লেস্টার সিটি। মাত্র ছয় মাস দায়িত্ব পালনের পর মার্টি সিফুয়েন্তেসকে লেস্টার কোচের পদ থেকে বরখাস্ত করা হয়েছে।
কোচ হিসেবে ৪৩ বর্ষী এ স্প্যানিয়ার্ড তার শেষ ম্যাচটি শনিবার ঘরের মাঠে অক্সফোর্ড ইউনাইটেডের কাছে ২-১ গোলে হারে। যা সিফুয়েন্তেসের অধীনে ২৯টি লিগ ম্যাচে লেস্টারের ১১তম হার।
গত মৌসুমে তিন বছরের মধ্যে প্রিমিয়ার লিগ থেকে দ্বিতীয়বারের মতো অবনমনের পর, লেস্টারকে পুনরায় শীর্ষ লিগে ফিরিয়ে আনার লক্ষ্যে গেল বছর জুলাইয়ে সিফুয়েন্তেস দায়িত্ব দেয়া হয়। কিন্তু প্লে-অফ স্থান থেকে ছয় পয়েন্ট পিছিয়ে ১৪তম স্থানে থাকায় তাকে বরখাস্ত করা হয়েছে।
লেস্টারের চেয়ারম্যান আইয়াওয়াত শ্রীবদ্ধনপ্রভা এক বিবৃতিতে বলেছেন, ‘এটি একটি কঠিন সিদ্ধান্ত ছিল এবং আমি হালকাভাবে নেইনি। লেস্টার সিটিতে থাকাকালীন মার্টি যে সম্পূর্ণ নিষ্ঠা দেখিয়েছেন তার জন্য আমি তাকে ধন্যবাদ জানাতে চাই। তিনি ভূমিকায় সর্বাত্মকভাবে নিবেদিতপ্রাণ ছিলেন এবং আমাদের লক্ষ্য অর্জনে অক্লান্ত পরিশ্রম করেছিলেন। আমাদের ধন্যবাদ এবং ভবিষ্যতের জন্য আমাদের শুভেচ্ছা নিয়ে মার্টি চলে যাচ্ছে।’
এ মৌসুমে লেস্টার লিগে টানা দুই জয়ের দেখা পেয়েছে মাত্র দুবার, যেখানে তাদের দীর্ঘতম অপরাজিত থাকার ধারা ছিল আগস্টের শেষ থেকে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত আট ম্যাচের ধারাবাহিকতা, যার মধ্যে পাঁচটি ড্র ছিল।
২০২৩-২৪ মৌসুমের একই পর্যায়ে এনজো মারেস্কার চ্যাম্পিয়নশিপ শিরোপাজয়ী দলের চেয়ে লেস্টার ১৩ স্থান এবং ৩১ পয়েন্ট কম অবস্থানে রয়েছে।
লেস্টার জানিয়েছে দলের আপদকালীন কোচ হচ্ছেন অ্যান্ডি কিং। হামজাদের পরবর্তী চ্যাম্পিয়নশিপ ম্যাচটি শনিবার চার্লটন অ্যাথলেটিকের বিপক্ষে ঘরের মাঠে।








