বাংলাদেশি বংশোদ্ভুত ইংল্যান্ড প্রবাসী ফুটবলার হামজা চৌধুরীর বাংলাদেশের জার্সিতে খেলাটা যখন দিন দিন আলোর পথ দেখছিল ঠিক তখনই বড় দুঃসংবাদ পায় লাল-সবুজ দল। চোটের কারণে আগামী নভেম্বরের উইন্ডোতে লেস্টার সিটি মিডফিল্ডারকে দলে পাওয়া নিয়ে শঙ্কা জেগেছে। এদিকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাছে আরও কিছু অ্যাডিশনাল ডকুমেন্ট চেয়েছে ফিফা। সবমিলিয়ে আগামী মাসে ঘরের মাঠে লাল-সবুজ জার্সিতে ২৭ বর্ষী তারকার অভিষেক দেখা দিয়েছে অনিশ্চয়তা।
ফিফা উইন্ডোতে মালদ্বীপের বিপক্ষে ১৩ ও ১৬ নভেম্বর দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। তার সপ্তাহ তিনেক আগে হামজাকে দলে পাওয়া নিয়ে কথা বলেছেন বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।
‘ফিফা আরও কাগজপত্র চেয়েছে। সেগুলোর জন্য আমরা হামজার বাবা মায়ের সঙ্গে যোগাযোগ করেছি। সংশ্লিষ্ট কাগজ হাতে পাওয়ার পর সেগুলো ফিফার কাছে পাঠানো হবে। এরপর তারা যাচাই বাছাই করে অনুমোদনের চিন্তা ভাবনা করবে। এছাড়া সে এখন চোটে রয়েছে। চোটে সেরে বাস্তবিক অর্থে নভেম্বর উইন্ডোতে খেলার সম্ভাবনা ক্ষীণই।’
মাসখানেক আগে হামজা বাংলাদেশি পাসপোর্ট হাতে পান। গত ২৪ সেপ্টেম্বর এফএ তাকে বাংলাদেশের জার্সিতে খেলার ব্যাপারে অনাপত্তিপত্র দেয়। পরের পদক্ষেপ হিসেবে ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে আবেদন করে বাফুফে। তাদের অনুমতি পেলেই হামজা বাংলাদেশের হয়ে খেলার যোগ্যতা অর্জন করবেন। কিন্তু চোট আর কাগজপত্র সংক্রান্ত জটিলতায় অপেক্ষা আরও দীর্ঘতর হচ্ছে।







