গাজায় ইসরায়েলি বোমা বর্ষণে নিহত প্রায় ৭ হাজার মানুষের নামের তালিকা প্রকাশ করেছে ফিলিস্তিনের গাজা উপত্যকার সক্রিয় স্বাধীনতাকামী সংগঠন হামাস।
হামাস নিয়ন্ত্রিত সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল ২৬ অক্টোবর বৃহস্পতিবার এই তালিকা প্রকাশ করেছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের পাল্টা হামলায় গাজায় নিহতদের সংখ্যা নিয়ে সন্দেহ প্রকাশ করায় হামাস এই তালিকা প্রকাশ করে।
গত ৭ অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালানোর কারণে ইসরায়েল গাজায় প্রতিশোধমূলক যে পাল্টা অভিযান শুরু করে তাতে এই পর্যন্ত সাত হাজার ২৮ জন প্রাণ হারিয়েছেন জানিয়ে ছয় হাজার ৭৪৭ জনের তালিকা প্রকাশ করেছে হামাস। তালিকায় নিহত প্রত্যকের লিঙ্গ, বয়স এবং পরিচিতি কার্ড নম্বর তুলে ধরা হয়েছে। তবে তারা এখনো পর্যন্ত ২৮১ জনের পরিচয় শনাক্ত করতে পারেনি।
হামাস নিয়ন্ত্রিত সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র তাদের ঘোষিত সংখ্যা নিয়ে নির্লজ্জভাবে সন্দেহ প্রকাশ করায় এই তালিকা প্রকাশ করেছে তারা।








