বিশ্বের প্রাচীন চলচ্চিত্র উৎসবগুলোর অন্যতম ‘বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’। আসছে ফেব্রুয়ারির ১৩ থেকে ২৩ তারিখ পর্যন্ত বসছে প্রাচীন এই উৎসবের ৭৫তম আসর। উৎসবকে সামনে রেখে সদ্যই প্রকাশ করা হয়েছে নির্বাচিত চলচ্চিত্রের তালিকা।
এরমধ্যে ৭৫তম বার্লিন চলচ্চিত্র উৎসবের খবর নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেলো ‘গাল্লি বয়’ র্যাপ গান দিয়ে আলোচনায় আসা বাংলাদেশি শিল্পী তবীব মাহমুদকে। তবে কি কোনো বাংলাদেশি ছবি ঠাঁই পেল এবারের উৎসবে? যদিও বার্নিলানের প্রতিযোগিতা বিভাগ, বার্নিলানের স্পেশাল বিভাগ কিংবা বার্নিলানের পারস্পেকটিভ বিভাগের কোথাও তেমনটা দেখা গেল না!
বিষয়টি জানতে যোগাযোগ করা হলে তবীব চ্যানেল আই অনলাইনকে জানান, ‘বাকসো বন্দি’ নামে একটি ভারতীয় ছবির টাইটেল ট্র্যাক করেছেন তিনি! যে ছবিটি আসন্ন ৭৫তম বার্লিন চলচ্চিত্র উৎসবে মনোনীত হয়েছে!
ভারতীয় ‘বাকসো বন্দি’ ছবিটির ইংরেজি নাম ‘শ্যাডোবক্স’। এটি যৌথভাবে পরিচালনা করেছেন তনুশ্রী দাস ও সৌম্যনন্দ সাহি। এটি দুজনেরই প্রথম পূর্ণদৈর্ঘ্য নির্মাণ। তনুশ্রী সাধারণ চলচ্চিত্র সম্পাদক হিসেবে কাজ করেন। তার কাজের মধ্যে উল্লেখযোগ্য ‘এব আল্লে ও…!’ ও ‘জাস্ট লাইক দ্যাট’।

এদিকে চিত্রগ্রাহক হিসেবে ইতিমধ্যে সুনাম কুড়িয়েছেন সৌম্যনন্দ সাহি। তিনি অস্কারে মনোনীত ‘অল দ্যাট ব্রিদস’, ‘এব আল্লে ও…!’ ‘ঘোড়েকো জালেবি খিলানে লে জা রিয়া হু’-এর মতো সিনেমার চিত্রগ্রহণ করেছেন। যৌথ পরিচালনায় নির্মিত ‘বাকসো বন্দি’ বার্লিন চলচ্চিত্র উৎসবের ৭৫তম আসরে মনোনীত হওয়ায় ভীষণ উচ্ছ্বসিত তারা।
বার্লিন চলচ্চিত্র উৎসবে ‘বাকসো বন্দি’ ছবিটি ‘পার্সপেক্টিভস’ বিভাগে প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছে। এটি একটি নতুন বিভাগ, যেখানে সারা বিশ্বের নিখুঁত, অসাধারণ প্রথম সিনেমাগুলোকে (ডেব্যু ফিল্ম) অগ্রাধিকার দেয়া হয়।
কলকাতার একটি শান্ত শহরতলীকে ভিত্তি করে নির্মিত ভালোবাসা, সহনশীলতা এবং অদম্য মানসিক শক্তির একটি গল্পে নির্মিত ‘বাকসো বন্দি’। এতে মায়া চরিত্রে অভিনয় করেছেন গুণী অভিনেত্রী তিলোত্তমা সোম। এছাড়াও ছবিতে অভিনয় করেছেন সুন্দর চরিত্রে চন্দন বিষ্ট, দেবু চরিত্রে সায়ন কর্মকার এবং রিপন চরিত্রে সুমন সাহা।
ছবিটি প্রযোজনার সাথে রয়েছেন নরেন চন্দাভারকর, শৌনক সেন, সৌম্যনন্দ সাহি প্রমুখ। নির্বাহী প্রযোজনার সাথে রয়েছেন বিক্রমাদিত্য মোতোওয়ানের মতো গুণী নির্মাতা ও প্রযোজক। ভারতসহ বিভিন্ন দেশের অন্তত ১৭ জন সহ-প্রযোজক হিসেবে ‘বাকসো বন্দি’র সাথে রয়েছেন। এরমধ্যে অভিনেত্রী তিলোত্তমা সোমও একজন।

এমন ছবির সাথে কীভাবে যুক্ত হলেন তবীব? চ্যানেল আই অনলাইনকে দেয়া এক সাক্ষাৎকারে মঙ্গলবার এই শিল্পী বলেন, তনুশ্রী দাস ও সৌম্যনন্দ সাহি- তারা স্বামী স্ত্রী। এই দম্পতি দীর্ঘদিন ধরে আমার গান শুনেন। আমার সাথে তাদের পরিচয় ‘গাল্লি বয়’ রিলিজের পর থেকেই। নিয়মিত কালচার রিলিটেড আড্ডা হতো। এরমধ্যে তারা পরিকল্পনা করলো নিজেরা পরিচালনা করবে, একটা সিনেমা বানাবে। যে সিনেমা দেখে মানুষ খোলা মন নিয়ে চিন্তা করতে পারবে, ভাবতে পারবে।
তবীব বলেন, “এরমধ্যে আমি একটি গান রিলিজ করি। গানের শিরোনাম ছিলো ‘শুধু টাকার জন্য’। আমাদের নিজস্ব স্বপ্নগুলো যে টাকার জন্য ধরতে পারি না, এরকম একটা বিষয় সেই গানের মূল কথা। তো সেই গানটি রিলিজের সাথেই সাথেই তনশ্রী ও সৌম্যনন্দ আমাকে বললেন ‘দিস ইস আওয়ার সং। এটা আমাদের সিনেমায় লাগবে, এটাই টাইটেল ট্র্যাক।’ এরপর ওই গানটিই ‘বাকসো বন্দি’ ছবির টাইটেল ট্র্যাক হিসেবে ফিক্সড হয়, এবং আমরা কাজ শুরু করি। ওভার ফোনেই সব চূড়ান্ত হয়। তারা কলকাতাসহ ভারতের বিভিন্ন জায়গায় শুটিং করেন।”
তবীব জানান, আসন্ন উৎসবে মনোনীত ছবির তালিকা প্রকাশের আগেই তাদের ই-মেইল যোগে ‘বাকসো বন্দি’ মনোনীত হওয়ার খবরটি জানিয়েছেন উৎসব কর্তৃপক্ষ। সেই সাথে উৎসবে উপস্থিত থাকতে আমন্ত্রণ পত্রও পাঠিয়েছেন। তবীব জানান, ভিসা প্রসেসিংয়ের জন্য কাজ শুরু করেছেন, সব ঠিক থাকলে তিনি আসন্ন বার্লিন চলচ্চিত্র উৎসবের ৭৫তম আসরে ‘বাকসো বন্দি’র টিমের সাথে উপস্থিত থাকবেন বলেও আশাবাদী তবীব।
প্রসঙ্গত, এরআগেও ভারতের টি-সিরিজের সাথে কাজ করেছেন তবীব। ২০২৩ সালে ডিজনি হটস্টারে বিজয় নাম্বিয়ার পরিচালিত জনপ্রিয় সিরিজ ‘কালা’-তেও ব্যবহার করা হয়েছে তবীবের গাওয়া ‘চাপ নাই’ গানটি।







