ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যানচেস্টার সিটি। লিগে একের পর এক ম্যাচে হতাশ করতে থাকা দলটি চ্যাম্পিয়ন্স লিগে সবশেষ ম্যাচে হেরেছে জুভেন্টাসের কাছে। তুরিনে পেপ গর্দিওলার দল হেরেছে ২-০ গোলে। হারলেও সিটিকে নিয়ে গর্বিত কোচ গার্দিওলা।
ম্যাচের পর গার্দিওলা বলেছেন, ‘আমরা ভালো খেলেছি। অনেক অনেক ভালো। অবশ্যই ম্যাচের কিছু মুহুর্তের পরিবর্তন ঘটেছে। কিন্তু আমি দলের খেলোয়াড়দের নিয়ে দারুণ খুশি। তারা সবকিছু দিয়ে চেষ্টা করেছে এবং এখন সেই গর্ব নিয়েই আমরা এগোতে চাই।’
‘আশা করছি ভালো ফলাফল দিয়ে আমরা সবকিছু পরিবর্তন করব। জানি এটা কঠিন, ইউরোপের চ্যাম্পিয়ন্স লিগে তুরিন সবসময় কঠিন, কিন্তু আমাদের খেলা ভালো হয়েছে। অন্যদিন নাও হতে পারে, তবে আজকে ভালো করেছি। আমরা সত্যিই অনেক অনেক ভালো করেছি এবং খুব বেশি বল হারাইনি, যা অতীতে হয়েছিল।’
ইতালিয়ান দলের গভীরতা নিয়ে পেপ বলেছেন, ‘আমরা চেষ্টা করেছি, জায়গা দখল করেছি, কিন্তু জানেন ইতালিয়ান দলগুলো রক্ষণে খুব ভালো করে, তাদের সাথে পারা সহজ নয়। এ ধরনের পরিস্থিতে তারা সেরা। আমাদের এখনও দুই ম্যাচ বাকি আছে, পয়েন্ট দরকার, সম্ভবত একটি জয়। অবশ্য শেষ ম্যাচটি ঘরের মাঠে।’








