পেপ গার্দিওলা বলেছেন, কোনো জাতীয় দলে যোগ দেয়ার আগে ‘সম্ভবত’ ম্যানচেস্টার সিটি তার ক্লাব ক্যারিয়ারের ইতিহাসে শেষ অভিযান। সম্প্রতি ভবিষ্যতের প্রশ্নে এ কথা জানিয়েছেন ৫৩ বর্ষী স্প্যানিশ কোচ। সিনিজেনদের ডেরায় যোগ দিয়ে বিশ্বের অন্যতম সেরা কোচ ১৫টি মেজর শিরোপা জিতেছেন।
জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখে কোচিং করিয়ে ২০১৬ সালে ম্যানসিটিতে যোগ দিয়েছেন পেপ। এবছরের মাঝামাঝিতে ইংল্যান্ডের দায়িত্ব নেবেন বলে আলোচনা উঠেছিল। গতমাসে নতুন করে দুবছরের চুক্তি করেছেন সিটির সাথেই, যার মেয়াদ হবে ২০২৭ সালে।
গার্দিওলা বলেছেন, ‘আমি অন্যকোনো দলকে কোচিং করাতে যাচ্ছি না। দীর্ঘমেয়াদি ভবিষ্যতের কথা জানি না, কিন্তু আপাতত ম্যানসিটি ছেড়ে যাচ্ছি না। তবে অন্যদেশে গিয়ে একই কাজ করব না।’
‘আমার সেই শক্তি নেই। অন্যকোথাও শুরু করার চিন্তা, অনুশীলনের সমস্ত প্রক্রিয়া অনুসরণ করা। না, না, না। হতে পারে জাতীয় দল, কিন্তু সেটা ভিন্ন। এটা ছেড়ে দিয়ে আমি গলফ খেলব, কিন্তু কোনো ক্লাবের দায়িত্ব নিচ্ছি না। আমার মনে হয় ছেড়ে দিয়ে ভালো থাকব।’







