কোচিং ক্যারিয়ারের বাজে সময়টা পার করছেন পেপ গার্দিওলা। প্রিমিয়ার লিগে টানা তিন হারসহ সবশেষ ছয় ম্যাচের পাঁচটিতে হেরেছে ম্যানচেস্টার সিটি, ড্র হয়েছে একটিতে। হারের বৃত্তে থাকা সিটি রাতে মুখোমুখি হচ্ছে লিভারপুলের। ম্যাচে জয় গুরুত্বপূর্ণ সিটিজেনদের। হারলে শিরোপা ধরে রাখার মিশন থেকে ছিটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন দলটির। তবে লিভারপুল ম্যাচ দিয়েই ঘুরে দাঁড়ানোর প্রত্যয় গার্দিওলার। সঙ্গে বলেছেন, দলকে পথে ফেরাতে না পারলে সরে যাবেন ডাগআউটের দায়িত্ব থেকে।
বাংলাদেশ সময় রাত দশটায় সিটিজেনরা মুখোমুখি হবে লিভারপুলের। প্রিমিয়ার লিগে টেবিলের শীর্ষে থাকা লিভারপুলের (৩১) চেয়ে ৮ পয়েন্ট পিছিয়ে চারে গার্দিওলার সিটি (২৩)। গুরুত্বপূর্ণ ম্যাচ সামনে রেখে সংবাদ সম্মেলনে সিটিজেন কোচ বলেছেন সরে যাওয়ার কথা।
‘আমি সেখানে থাকতে চাই না, যেখানে আমার নিজেকে সমস্যা মনে হবে। চুক্তি আছে, শুধু এই অজুহাতে থেকে যেতে চাই না। আমার চেয়ারম্যান সেটা জানে। তাকে বলেছি, ঘুরে দাঁড়ানোর সুযোগ দাও। বিশেষ করে যখন সবাই চোট থেকে ফিরবে, তখন কী অবস্থা হবে, তা দেখব। যদি যথেষ্ট সামর্থ্য দেখাতে না পারি, তবে আমাদের পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হবে।’
‘এবারই আমি জোর দিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলেছি, আমাকে সুযোগ দিতে। এখন কাজটা আমার জন্য সহজ হবে না। আমার ধারণা, আমার এখনো কিছু কাজ করার আছে এবং সেটা করতে চাই।’







