ফাইনাল নিয়েই ভাবছেন গার্দিওলা
চ্যাম্পিয়ন্স লিগ

ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা ফাইনাল নিয়ে ভাবছেন, ফুটবল ম্যাচের প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
ট্রেবল জয়ের পথে ম্যানচেস্টার সিটি। স্বপ্নের গন্তব্য থেকে দূরে মাত্র আর একটি জয়। অধরা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ধরা দিলেই আসবে কাঙ্খিত ট্রেবল। প্রিমিয়ার লিগ টাইটেল, এফএ কাপ শিরোপা জয়ের পর সিটি কোচ পেপ গার্দিওলার নজর এখন চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে। বলেছেন, ‘অতীত নয়, পুরো মনোযোগ কেবল ফাইনালের দিকে।’
শনিবার ইস্তানবুলে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে ম্যানসিটি ও ইন্টার মিলান। বাংলাদেশ সময় রাত ১টায় গড়াবে ম্যাচটি। ফাইনালে চোখ রেখে সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছেন সিটি বস।
‘ফাইনালে থাকাটা একটা স্বপ্ন। দুই বছর আগেও আমরা এখানে ছিলাম, কিন্তু তখন পরিস্থিতি ভিন্ন ছিল। আমরা আমাদের সেরাটা দেয়ার চেষ্টা করব, কারণ আমরা জানি ফাইনাল নির্ভর করে নির্দিষ্ট ৯০ মিনিটে কেমন খেলবেন, তার ওপর। এটা ইতিহাসের বিষয় নয়।’
‘প্রতিপক্ষের চেয়ে ভালো হওয়ার জন্য ৯০ মিনিটে কী করতে হবে, সেটাই বড় বিষয়। গ্রুপ পর্ব, কোয়ার্টার-ফাইনাল, গত মৌসুম, প্রিমিয়ার লিগ বা এফএ কাপে আপনি কী করেছেন, তা কাজে আসবে না। কারণ এটি কেবলই এক ম্যাচের লড়াই।’
‘আমরা যা করার চেষ্টা করছি তা হলো অনেক কঠিন পরিস্থিতিতে কীভাবে খেলতে হয় তা বোঝার চেষ্টা করা। ইন্টার যে রক্ষণাত্মক ছক ব্যবহার করে, সেখানে আক্রমণ করা সহজ নয়। তাই আমাদের ছন্দে খেলতে হবে এবং ধৈর্য ধরতে হবে। আমরা তিন বা চার পাস দিয়ে আক্রমণ করতে যাচ্ছি না। আমাদের সঠিক গতি জানতে হবে।’






