রিয়াদ বিমানবন্দরে আবারও হামলা, পাল্টা অভিযান সৌদি জোটের

ছবি: সংগৃহীত
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। একই সঙ্গে দেশটির পূর্ব ও পশ্চিমাঞ্চলে অবস্থিত কয়েকটি অপরিশোধিত তেল পাম্পিং স্টেশনেও ড্রোন হামলা চালানোর দাবি করেছে তারা।
সোমবার (২৬ অক্টোবর) সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর জবাবে ইয়েমেনের রাজধানী সানায় জোরালো সামরিক অভিযান চালিয়ে হুতিদের দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মঞ্চ ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি জানান, ধ্বংস হওয়া দুটি উৎক্ষেপণ মঞ্চের একটি রিয়াদ বিমানবন্দরে হামলায় ব্যবহার করা হয়েছিল। হুতিদের ক্ষেপণাস্ত্র নেটওয়ার্ক পুরোপুরি ধ্বংস না করা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সৌদি জোটের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, হুতিদের সামরিক সক্ষমতা দুর্বল করা এবং তাদের রসদ সরবরাহের পথ বন্ধ করতে ইয়েমেনে একাধিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। এর মধ্যে রয়েছে ক্ষেপণাস্ত্র সংরক্ষণের পাঁচটি সুড়ঙ্গ, চারটি উৎক্ষেপণ মঞ্চ ও একটি অস্ত্রাগার। এ ছাড়া হুতিদের সামনের সারির সামরিক সরঞ্জাম ও বিভিন্ন ঘাঁটিও হামলার লক্ষ্যবস্তু ছিল।
হুতি মুখপাত্র ইয়াহিয়া সারি আরও দাবি করেন, সৌদি আরবের খামিস মুশাইতের কিং খালিদ বিমানঘাঁটি ও জাজানের একটি নৌঘাঁটিতে আক্রমণের পাশাপাশি ইয়েমেনের এডেন গভর্নরেটের সালাহ আল-দিন এবং লাহিজের আল-ওয়াহাত এলাকায় প্রতিপক্ষ সামরিক বাহিনীর অবস্থান ও অস্ত্রাগারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা।
বিপরীতে গত ২৪ ঘণ্টায় হোদেইদাহ, লাহিজ, আমরান, সাআদা, আল-জাউফ, তাইজ ও ইব্বসহ ইয়েমেনের বিভিন্ন প্রদেশে অন্তত ৫৬টি বিমান হামলা চালানোর জন্য সৌদি জোটকে অভিযুক্ত করেছে হুতিরা।





