রাজধানীর ব্যস্ততম এলাকা ফার্মগেট এবং পান্থপথের সংযোগ সড়ক গ্রীনরোড দখল করে গড়ে উঠা রিকশার পার্কিং মুক্ত করেছে তেজগাঁও ট্রাফিক বিভাগ।
দীর্ঘদিন ধরেই জনগুরুত্বপূর্ণ এই সড়কটির দুই পাশে একাধিক রিকশা মেরামতের দোকান ছিল, আর এসব দোকান ঘিরে সড়ক দখল করে গড়ে উঠেছিল রিকশার পার্কিং।
তবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের তৎপরতায় সড়কের চিরচেনা সেই চিত্র পাল্টে গেছে। সপ্তাহব্যপী অভিযানে সড়কটিতে এখন কোন রিকশা মেরামতের দোকান নেই, উচ্ছেদ করা হয়েছে প্রায় স্থায়ী হয়ে যাওয়া রিকশার অবৈধ পার্কিং লেন।
তেজগাঁও ট্রাফিক বিভাগ জানায়, গত এক সপ্তাহের অভিযানে প্রায় ৬১ টি রিকশা ডাম্পিংসহ অন্যান্য আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, গুরুত্বপূর্ণ এই সড়কেই রয়েছে পানি ভবন, আইবিএ হোস্টেল, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক এবং একাধিক ভার্সিটি কোচিং সেন্টার। জনবহুল এই রাস্তায় এতদিন ছিল শতাধিক রিকশার পার্কিংয়ের পাশাপাশি একাধিক রিকশা মেরামতের দোকান।
প্রায় স্থায়ী হয়ে যাওয়া এই রিকশা লেনকে ঘিরে ফুটপাতে ছিল আবার একাধিক ভাতের হোটেল, এমনকি মানুষের ফুটপাতে হাঁটার অবস্থাও ছিল না।
রোববার গ্রিনরোডে গেলে ভিন্ন এক চিত্র চোখে পড়ে। সেখানে নেই পুরাতন কোন রিকশার লেন কিংবা ফুটপাতের সেই চিত্র। সম্প্রতি সড়কের অবস্থার এই উন্নতিতে সন্তুষ্টি প্রকাশ করেছেন সাধারণ মানুষ।
তেজগাঁও ট্রাফিক বিভাগের এই কার্যক্রম নিঃসন্দেহে প্রশংসনীয়, তবে এটি যেন স্থায়ী হয় এমনটাই প্রত্যাশা সবার।

তেজগাঁও ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার (এসি) স্নেহাশীষ দাস বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে এই সড়ক রিকশা এবং অবৈধ পার্কিংমুক্ত রাখতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আমরা প্রতিদিন সকাল-বিকাল রেকারসহ এই রাস্তায় দুইবেলা অভিযান পরিচালনা করছি। সড়ক অবৈধ দখলমুক্ত রাখতে আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
ট্রাফিক তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোস্তাক আহমদ বলেন, প্রথমে আমরা মাইকিং করে রিকশা মেরামতের দোকান ও পার্কিং লেনের বিষয়ে সতর্ক করেছি। তারা ভেবেছে এতোদিন ধরে চলে আসা এসব দোকানের বিরুদ্ধে হয়তো পুলিশ কোন ব্যবস্থা নেবেনা। পরে আমরা অ্যাকশনে যাই, অবৈধ রিকশা লেনে পার্কিং ও রিকশা মেরামতের দোকান উচ্ছেদ করা হয়েছে। বর্তমানে পুরো সড়ক দখলমুক্ত স্বাভাবিক রয়েছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ট্রাফিক বিভাগের কাজ ড্রাইভওয়ে দখলমুক্ত রাখা, আর ফুটপাত বা ওয়াকওয়ে দখলমুক্ত রাখতে কাজ করবে ক্রাইম ডিভিশন। আমরা সড়কের অবৈধ দখল উচ্ছেদ করার সাথে সাথে ক্রাইম ডিভিশনকে ফুটপাতের দখলের বিষয়টি জানিয়েছি। তারাও ফুটপাতের অবৈধ উচ্ছেদে কার্যক্রম পরিচালনা করছে।








