অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্ট জিতলেও, দ্বিতীয় টেস্টে এক ইনিংস ও ৫১ রানে হেরেছে বাংলাদেশ। সিরিজ ড্র করলেও এই সফর থেকে পাওয়া অভিজ্ঞতাকে ভবিষ্যতের জন্য কাজে লাগাতে চান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার মতে, অস্ট্রেলিয়ার মতো কঠিন কন্ডিশনে নিয়মিত খেলার সুযোগ পেলেই উন্নতি করবে বাংলাদেশ।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শান্ত বলেন, ‘অস্ট্রেলিয়া তাদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। তবে বাংলাদেশও নিজেদের সেরাটা দিতে পারেনি।’
শান্ত বলেন, ‘আমরা জানি অস্ট্রেলিয়া কত ভালো দল। তারা তাদের চেহারা দেখিয়েছে। এই টেস্ট ম্যাচে আমরা আমাদের সেরাটা খেলতে পারিনি। এটা ছিল ভিন্ন কন্ডিশন। বাতাসে একটু হালকা বাড়তি বাউন্স ও সুইং ছিল। আমাদের জন্য চ্যালেঞ্জিং ছিল।’
অস্ট্রেলিয়ার কন্ডিশনে ব্যাটারদের জন্য পরিস্থিতি কঠিন ছিল বলেও মনে করেন বাংলাদেশের অধিনায়ক। তার মতে, এমন পরিবেশে খেলার অভিজ্ঞতা ভবিষ্যতে দলকে আরও ভালোভাবে প্রস্তুত হতে সাহায্য করবে।
‘দল হিসেবে এগিয়ে যেতে হলে এই ধরনের কন্ডিশন মোকাবেলা করতে হবে আমাদের। আমি মনে করি, এই অভিজ্ঞতা আমাদের সামনে এগিয়ে যেতে সাহায্য করবে। সব ব্যাটারের জন্যই এটা বেশ কঠিন ছিল। তাদের ব্যাটিংও শরিফুলের কারণে অস্বস্তিতে পড়েছিল। সত্যি কথা বলতে, এই কন্ডিশনে ব্যাট করা বেশ কঠিন,’ বলেন শান্ত।
অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার সুযোগ যে বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ, সেটিও তুলে ধরেছেন তিনি। ২০০৩ সালের পর দীর্ঘ ২৩ বছর অপেক্ষা করে আবার অস্ট্রেলিয়া সফরে এসেছে বাংলাদেশ। শান্ত চান, ভবিষ্যতে এমন দীর্ঘ বিরতি না থাকুক।
বাংলাদেশ অধিনায়কের ভাষায়, ‘আমাদের নিয়মিত হতে হবে এবং আমি বিশ্বাস করি, একই কন্ডিশনে যদি আমরা আরও বেশি সুযোগ পাই, এটা আমাদের সাহায্য করবে। আমরা সেটাই চাই। এখানে আসার জন্য ২৩ বছর অপেক্ষা করার দরকার নেই। আমরা যদি প্রায় এখানে আসার সুযোগ পাই, আমাদের খেলার উন্নতি হবে।’









