২০২১ সালে অ্যাস্টন ভিলা থেকে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন জ্যাক গ্রিলিশ। কাটিয়েছেন চার বছর। এখনও চুক্তির মেয়াদ ২০২৭ সালের জুন অবধি থাকলেও ক্লাব ছাড়ার কথা ভাবছেন তিনি। ক্যারিয়ারের সোনালী সময়টা ইতিহাদে কাটিয়ে জানালেন সিটিকে সবকিছুর চেয়ে বেশি ভালোবাসেন ২৯ বর্ষী ইংল্যান্ড তারকা।
ওয়াসিসের হিটন পার্ক পুনর্মিলনী কনসার্টে ম্যানসিটি ভক্তদের সঙ্গে অনেকটা আবেগপ্রবণ হন গ্রিলিশ। ক্লাবের প্রতি তার ভালোবাসা প্রকাশের পাশাপাশি সিটি ভক্তদেরও প্রশংসা করেছেন। বলেছেন, ‘আমি সিটিকে সবকিছুর চেয়ে বেশি ভালোবাসি। তোমরা জানো আমি আরও কী ভালোবাসি? সিটি ভ্ক্তদের। কারণ সিটির ভক্তরা বিশ্বসেরা।’
ইংল্যান্ডের জায়ান্ট ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ৭টি শিরোপা জেতার স্বাদ পেয়েছেন ২৯ বর্ষী লেফট উইঙ্গার। তিনটি প্রিমিয়ার লিগ, একটি করে চ্যাম্পিয়ন্স লিগ, ক্লাব বিশ্বকাপ, এফএ কাপ ও উয়েফা সুপার কাপ শিরোপা স্পর্শ করেছেন গ্রিলিশ। ১৫৭ ম্যাচ খেলে ১৭টি গোল ২৩টি অ্যাসিস্ট রয়েছে তার ঝুলিতে।
২০২৪-২৫ মৌসুম শেষে সিটি ছাড়ার কথা ভাবছেন গ্রিলিশ। তাকে ছেড়ে দিতে সিটিও সম্মত। তবে এর জন্য অবশ্য বড় লোকসানের মুখোমুখি হতে হবে ম্যানসিটিকে। ২০২১ সালে অ্যাস্টন ভিলা থেকে ১০০ মিলিয়ন পাউন্ডে দলে নিয়েছিল গ্রিলিশকে। ক্লাব স্থানান্তরে গ্রিলিশের জন্য ৪০ মিলিয়ন পাউন্ড দাম অনুমোদন পাবে সিটি।







