বিআইআইএন অ্যাওয়ার্ডে চ্যাম্পিয়ন গ্রামীণ হেলথটেকের ‘সুখী’

গ্রামীণ ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কাছে সাশ্রয়ী ও ধারাবাহিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার স্বীকৃতি পেয়েছে গ্রামীণ হেলথটেক লিমিটেড। প্রতিষ্ঠানটির এআই-সক্ষম, রোগীকেন্দ্রিক ও আন্তঃসংযোগযোগ্য ডিজিটাল স্বাস্থ্যসেবা অ্যাপ্লিকেশন এবং কমিউনিটি-কেয়ার ইকোসিস্টেম বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইনোভেশন নেটওয়ার্ক (বিআইআইএন) অ্যাওয়ার্ডের ‘ইনক্লুশন অ্যান্ড কমিউনিটি সার্ভিসেস’ ক্যাটাগরিতে বিজয়ী হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) ব্র্যাক ইউনিভার্সিটি অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সুখীর পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন গ্রামীণ হেলথটেকের সিইও ডা. আহমেদ আরমান সিদ্দিকী, চিফ বিজনেস অ্যান্ড টেকনোলজি অফিসার মোহাম্মদ সোলায়মান রাসেল, স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার মোহাম্মদ আবুল হোসেন বঙ্গবাসী, চিফ মার্কেটিং অফিসার কিংশুক হক, অ্যাপ্লিকেশন টেক লিড মো. তানবীর হোসেন এবং চিফ অব রিসার্চ, অ্যানালিটিক্স অ্যান্ড কাস্টমার এক্সপেরিয়েন্স ডা. হোসাইন মো. আল-আমিন।
বিআইআইএনের আয়োজক ও বিচারক পর্ষদ, সহযোগী প্রতিষ্ঠান, পার্টনার এবং গ্রামীণ গ্রুপ পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে গ্রামীণ হেলথটেকের সিইও ডা. আহমেদ আরমান সিদ্দিকী গণমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে বলেন, ‘এই স্বীকৃতি আমাদের প্রতিটি লিংক ওয়ার্কার, চিকিৎসক ও সেবাগ্রহীতার, যাঁরা সুখীকে নিজেদের জীবনের অংশ করে নিয়েছেন। কে কোথায় থাকেন, তার ওপর স্বাস্থ্যসেবা নির্ভর করা উচিত নয়। এই পুরস্কার আমাদের বাংলাদেশের প্রতিটি ঘরে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার প্রেরণা জোগাবে।’
সুখী মূলত গ্রামীণ, সুবিধাবঞ্চিত এবং ডিজিটাল সেবার বাইরে থাকা জনগোষ্ঠীর জন্য সাশ্রয়ী, সহজলভ্য ও ধারাবাহিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে তৈরি। এর সমন্বিত সেবাপথে রোগী, চিকিৎসক, ফার্মেসি, ডায়াগনস্টিক সেন্টার, হাসপাতাল, পরিচর্যাকারী, সুখী সেবা কেন্দ্র এবং কমিউনিটিভিত্তিক সুখী লিংক ওয়ার্কারদের যুক্ত করা হয়েছে।
সুখীর সেবার মধ্যে রয়েছে ২৪/৭ টেলিমেডিসিন, বিশেষজ্ঞ পরামর্শ, ডিজিটাল প্রেসক্রিপশন, ওষুধ ডেলিভারি, হোম ডায়াগনস্টিকস, রেফারেল, মানসিক স্বাস্থ্যসেবা, মা ও শিশুস্বাস্থ্য এবং অসংক্রামক রোগ (এনসিডি) ব্যবস্থাপনা। সমন্বিত ও আন্তঃসংযোগযোগ্য ইলেকট্রনিক মেডিকেল রেকর্ডের (ইএমআর) মাধ্যমে সেবাগ্রহীতাদের ধারাবাহিক ফলোআপ নিশ্চিত করা হয়।
এআই-সক্ষম হেলথকেয়ার চ্যাটবটের মাধ্যমে ২৪/৭ সেবা নির্দেশনা, প্রাথমিক উপসর্গ গ্রহণ, স্বাস্থ্যশিক্ষা, অ্যাপয়েন্টমেন্ট সহায়তা এবং ওষুধ ও ফলোআপের রিমাইন্ডার দেওয়া হয়। প্রয়োজন অনুযায়ী সেবাগ্রহীতাকে যোগ্য স্বাস্থ্যপেশাজীবীর কাছেও পৌঁছে দেওয়ার ব্যবস্থা রয়েছে।
অন্যদিকে, ক্লিনিক্যাল ডিসিশন সাপোর্ট সিস্টেম (সিডিএসএস) রোগীর কাঠামোবদ্ধ ইতিহাস, ক্লিনিক্যাল পর্যবেক্ষণ ও রিয়েল-টাইম ভাইটাল সাইন বিশ্লেষণ করে চিকিৎসকদের ঝুঁকি শনাক্তকরণ, গাইডলাইনভিত্তিক পরামর্শ এবং প্রমাণনির্ভর সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে।
ডোরস্টেপ লিংক ওয়ার্কার, সুখী সেবা কেন্দ্র এবং সংযুক্ত মেডিকেল ডিভাইসের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছে সুখী। এর মধ্যে ‘সুখী স্বাস্থ্য বন্ধু’ ৬-ইন-১ ডিভাইসের মাধ্যমে রিয়েল-টাইম স্বাস্থ্য পরীক্ষার সুবিধাও রয়েছে। এর মাধ্যমে গ্রামীণ পরিবারগুলোকে রোগীকেন্দ্রিক ও সংযুক্ত স্বাস্থ্যসেবার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।





