সমুদ্র অঞ্চল পরিকল্পনা কার্যক্রম এবং তা থেকে দেশের সম্ভাব্য অর্জন বিবেচনায় ইতিমধ্যে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ ১৫ এপ্রিল বুধবার জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মো. নুরুল ইসলামের এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, দেশের বিশাল সমুদ্র সম্পদের বিজ্ঞানভিত্তিক ও টেকসই ব্যবহার নিশ্চিত করতে সুনীল অর্থনীতির বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই লক্ষ্য বাস্তবায়নে জাতীয় সুনীল অর্থনীতি কর্তৃপক্ষ গঠনের বিষয়টিও সরকারের বিবেচনায় রয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, সমুদ্র অঞ্চল পরিকল্পনা কার্যক্রমের মাধ্যমে সামুদ্রিক সম্পদ, মৎস্য, পর্যটন এবং পরিবেশ সংরক্ষণের মধ্যে সমন্বিত ভারসাম্য নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে সুনীল অর্থনীতির টেকসই ও দীর্ঘমেয়াদি উন্নয়নের লক্ষ্যেও কাজ চলছে।
তিনি জানান, ২০২৬–২৭ অর্থবছরেই এই খাতে প্রাতিষ্ঠানিক কাঠামো গঠন করা হতে পারে, যা বর্তমানে সক্রিয়ভাবে বিবেচনাধীন রয়েছে।







