চার দফা বৃদ্ধির পরে অবশেষে দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ২৪৮ টাকা কমিয়ে ১ লাখ ৫৬ হাজার ৬২৪ টাকা নির্ধারণ করা হয়েছে। যা এতদিন এই মানের সোনার ভরির দাম সর্বোচ্চ ছিল ১ লাখ ৫৭ হাজার ৮৭২ টাকা।
আজ (৯ এপ্রিল) বুধবার থেকে দেশের বাজারে এই নতুন দাম কার্যকর হবে জানিয়ে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে বলে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে এই দাম কমানো হয়েছে।
সোনার নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৫৬ হাজার ৬২৪ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনা কিনতে দাম পড়বে ১ লাখ ৪৯ হাজার ৪৯৭ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ২৮ হাজার ১৪১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৫ হাজার ৬৬৪ টাকা।
চলতি বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ মাসে বাজুস মোট ১৭ বার সোনার দামে পরিবর্তন এনেছে, যার মধ্যে ১৪ বার দাম বেড়েছে এবং ৩ বার কমেছে। সর্বশেষ ঈদের আগে গত ২৮ মার্চ ২২ ক্যারেটের সোনার ভরিতে দাম বাড়িয়ে করা হয় ১ লাখ ৫৭ হাজার ৮৭২ টাকা, যা এ পর্যন্ত দেশের বাজারে সর্বোচ্চ রেকর্ড।








