জর্জিয়ার প্রেসিডেন্ট হতে চলেছেন ম্যানচেস্টার সিটির সাবেক স্ট্রাইকার মিখাইল কাভেলাশভিলি। প্রেসিডেন্ট নির্বাচনে তিনি দেশটির ক্ষমতাসীন দল ড্রিম পার্টির মনোনয়ন পেয়েছেন।
৫৩ বর্ষী কাভেলাশভিলি ১৯৯৫ থেকে ১৯৯৭ পর্যন্ত ম্যানসিটিতে খেলেছেন। পারফরম্যান্স একেবারেই সাদামাটা, ২৮ ম্যাচে জালের দেখা পেয়েছিলেন সবে ৩ বার। জর্জিয়ার হয়েও পারফরম্যান্স খুব একটা সুবিধার নয়। ১৯৯১ থেকে ২০০২ পর্যন্ত জাতীয় দল জার্সিতে ৪৬ ম্যাচে করেন ৯ গোল।
মাঠের পারফরম্যান্স সাদামাটা হলেও রাজনীতির মাঠে কাভেলাশভিলির বিজয় নিশান উড়ছে। প্রেসিডেন্ট নির্বাচনে দেশটির ক্ষমতাসীন দলের মনোনয়ন পাওয়ায় প্রেসিডেন্ট হওয়া একরকম নিশ্চিতই হয়ে গেছে।
জর্জিয়ার প্রেসিডেন্ট পদটা আলংকারিক। জনগণের সরাসরি ভোটে নয়, সংসদ সদস্য-মিউনিসিপ্যাল কাউন্সিলর ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে গঠিত ৩০০ সদস্যের ইলেকটোরাল কলেজ ভোট নির্বাচন করে প্রেসিডেন্ট। যেখানে ভোটার বেশি ক্ষমতাশীল জর্জিয়ান ড্রিম পার্টির। ১৪ ডিসেম্বরের নির্বাচনে সাবেক ফুটবলারের জয় সুনিশ্চিত বলা যায়।







