শপিং মল ও দোকানপাট খোলার রাখার সময় বাড়াতে চায় মালিক সমিতি

ছবি: সংগৃহীত
দেশের সব মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট রাত ৮টার পরিবর্তে ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। সংগঠনটির মতে, রাত ৮টার মধ্যে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনার কারণে ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ছে।
সোমবার (২ নভেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর কাছে পাঠানো এক লিখিত আবেদনে এ দাবি জানানো হয়।
বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির পক্ষে আবেদনটিতে স্বাক্ষর করেন সংগঠনের সভাপতি মো. নাজমুল হাসান মাহমুদ ও সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান টিপু।
সংগঠনটি জানায়, বিদ্যুৎ সাশ্রয়ের গুরুত্ব এবং এ বিষয়ে সরকারের নেওয়া উদ্যোগের প্রতি তাদের সমর্থন রয়েছে। তবে দেশের বর্তমান ব্যবসা-বাণিজ্যের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত ব্যবসায়ীদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
সংগঠনটির দাবি, দেশের বিভিন্ন মার্কেট ও বিপণিবিতানে ক্রেতার সংখ্যা কমে যাওয়ার পাশাপাশি বিক্রিও কমেছে। রাত ৮টার মধ্যে দোকান বন্ধ রাখতে হওয়ায় অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠান পরিচালনায় হিমশিম খাচ্ছেন। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা আর্থিক সংকটে পড়ছেন। এমন পরিস্থিতিতে কেউ কেউ ব্যবসা গুটিয়ে নিতেও বাধ্য হচ্ছেন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।
বিনিয়োগের নিরাপত্তা, কর্মসংস্থান ও জাতীয় অর্থনীতির স্বার্থ বিবেচনায় রাত ৮টার পরিবর্তে রাত ১০টা পর্যন্ত দেশের সব মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট খোলা রাখার অনুমতি দিতে প্রয়োজনীয় সরকারি নির্দেশনা জারির অনুরোধ জানিয়েছে সংগঠনটি।
ব্যবসায়ীদের যুক্তি, রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখার অনুমতি দেওয়া হলে ব্যবসায়ীরা তাদের হারানো বিক্রির সময় ফিরে পাবেন। বিশেষ করে শীতের মৌসুমে সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত অনেক ক্রেতা কেনাকাটার জন্য মার্কেটে আসেন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে। ফলে রাত ৮টার মধ্যে দোকান বন্ধ হয়ে গেলে ব্যবসায়ীরা বিক্রির গুরুত্বপূর্ণ সময় থেকে বঞ্চিত হন।
রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখার অনুমতি দেওয়া হলে ক্রেতারা কেনাকাটার জন্য বাড়তি সময় পাবেন এবং ব্যবসায়ীদের বিক্রি বাড়ার সুযোগ তৈরি হবে বলে মনে করেন সমিতির নেতারা।






