রোহিত শর্মাকে সরিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের দায়িত্ব অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে দেয়ায় বেশ সমালোচনার মুখে পড়েছেন তিনি। তার উপর যুক্ত হয়েছে বাজে পারফরম্যান্স। সমালোচনার পালে হাওয়া দিয়েছেন ইংল্যান্ডের সাবেক ব্যাটার কেভিন পিটারসেন ও সাউথ আফ্রিকার এবিডি ভিলিয়ার্স। তাদের সমালোচনা আবার সহজভাবে নেননি ভারতের সাবেক ব্যাটার গৌতম গম্ভীর, নিয়েছেন এক হাত।
অধিনায়কের দায়িত্ব পান্ডিয়ার হাতে দেয়ায় সমর্থকরাও স্বাভাবিকভাবে নেয়নি। ১৩ ম্যাচের মধ্যে দলটি জিতেছে মাত্র চারটিতে। বিষয়টির প্রতি আলোকপাত করেছেন কিংবদন্তি সাবেক দুই ব্যাটার।
সমালোচনায় অখুশি গম্ভীর দুজনকে উদ্দেশ্য করে বলেছেন, ‘তারা যখন অধিনায়ক ছিলেন, তাদের পারফরম্যান্স কেমন ছিল? হোক পিটারসেন বা ডি ভিলিয়ার্স, আমার মনে হয় না নেতৃত্বে থাকার সময় তাদের আহামরি পারফরম্যান্স ছিল। কিছুই না।’
‘যদি তাদের রেকর্ড ঘাঁটেন, মনে হয় তারা সবচেয়ে বাজে অধিনায়ক। মনে করি না ডি ভিলিয়ার্স আইপিএল থেকে নিজের কিছু রান ছাড়া আরকিছু অর্জন করতে পেরেছেন। দলগত দিক থেকে তিনি কিছুই অর্জন করতে পারেননি, সেখানে হার্দিক এখনও আইপিএল জয়ী অধিনায়ক। সেজন্য তাদের উচিত কমলার সাথে কমলার তুলনা করা, আপেলের নয়।’
কলকাতা নাইট রাইডার্স সবার আগে আইপিএলের প্লে-অফ নিশ্চিত করেছে। দলটির মেন্টরের দায়িত্বে আছেন গম্ভীর। এখনও সেরা চারে জায়গা নিশ্চিত করতে পারেনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।







