টি-টুয়েন্টি বিশ্বকাপ দিয়ে রাহুল দ্রাবিড়ের চুক্তি শেষ হওয়ায় নতুন কোচ নিয়োগ দিয়েছে ভারত। বিসিসিআই বেছে নিয়েছে সাবেক ওপেনার গৌতম গম্ভীরকে। তার বেশ প্রশংসা করলেন সাউথ আফ্রিকার সাবেক অলরাউন্ডার জ্যাক ক্যালিস।
গৌতম গম্ভীরের সাফল্য কামনা করে ক্যালিস বলেছেন, ‘গৌতম গম্ভীরকে কোচিংয়ে দেখে ভালো লাগছে। ক্রিকেটে তার মাথা বেশ ভালো। দলে সে দুর্দান্ত কিছু বের করে আনবে এবং বেশ আক্রমণাত্মক খেলা শুরু করবে। সে দলে এমনকিছু আনবে যার থেকে সবাই শিখতে পারবে।’
‘সে দলে যোগ করার মতো অনেককিছু পেয়েছে এবং ভারতীয় দলের জন্য তা উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। তাকে শুভ কামনা জানাই, আমাদের বিপক্ষে খুব বেশি নয়, তবে আমি নিশ্চিত সে দলের জন্য দুর্দান্ত কাজ করবে।’
বিসিসিআই জানিয়েছে, ৪২ বর্ষী গম্ভীর চলতি জুলাই থেকে ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত সাড়ে তিন বছর দায়িত্ব পালন করবেন। এ সময় তিনি তিন সংস্করণের সবকটিতে কোচের ভূমিকায় থাকবেন।








