শুটিংয়ের মাঝেই দুই নারীকে যৌন হেনস্থার অভিযোগে দোষী সাব্যস্ত হলেন ফরাসি অভিনেতা জেরাড দেপারদিউ। ৭৬ বছরের অভিনেতাকে ১৮ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছে প্যারিসের আদালত।
জানা গেছে, ২০২১ সালে ‘লেস ভোলেটস ভার্টস’ ছবির শুটিং চলাকালে দেপারদিউ হেনস্থা করেন দুই সহকর্মীকে। তাদের মধ্যে একজন ওই ছবির সহকারী পরিচালক এবং অন্য জন সেট ডিজাইনার। প্রাথমিকভাবে অভিযোগ অস্বীকার করলেও আদালত তার পর্যবেক্ষণে জানিয়েছে, উপযুক্ত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে বর্ষীয়ান অভিনেতাকে দোষী সাব্যস্ত করা হয়েছে।
অভিযোগকারিদের দাবি, অভিনেতা তাদের অশালীনভাবে স্পর্শ করেছেন একাধিক বার। অভিনেতার আইনজীবী অবশ্য জানিয়েছেন, তারা রায় পুনর্বিবেচনার জন্য আবেদন করবেন। এদিন আদালতে উপস্থিত ছিলেন না দেপারদিউ। তিনি ব্যস্ত ছিলেন তার আসন্ন ছবির শুটিংয়ে।
অভিযোগকারিদের তরফে তাদের আইনজীবী ক্যারিন ডিবোল্ট বলেন, “আজকের জয় শুধু দুই অভিযোগকারির জয় নয়, বরং ওই সেটে থাকা সমস্ত নারীর জয়। শুধু তাই নয়, আমি তো ভাবছি সেই সব নারীর কথা, যারা কোন না কোনও সময় দেপারদিউয়ের শিকার হয়েছেন।”
সূত্রের খবর, মামলার রায়ের সময় বিচারক জানিয়েছেন, যে ভাবে অভিনেতা ওই দুই নারীর গোপনাঙ্গে হাত দিয়েছেন বলে তারা দাবি করেছেন, তাতে সন্দেহের কোনও অবকাশ থাকেন না দেপারদিউ অপরাধী। এ জন্য অভিনেতাকে ১০০০ ইউরো করে ক্ষতিপূরণ দিতে হবে দুই অভিযোগকারিকে।
অভিনেতার আইনজীবী অবশ্য দাবি করেছেন, মিথ্যা সাক্ষ্য দিয়েছেন ওই দুই নারী। তবে, দেপারদিউয়ের বিরুদ্ধে অনেক নারীই অভিযোগ তুলেছেন যৌন হেনস্থার। তবে সে সব মামলা আদালত অবধি গড়িয়েছে এই প্রথম।
দেপারদিউ ফ্রান্সের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তিনি জাঁ লুক গোদার, ফ্রাঁসোয়া ত্রুফো, বার্নাদো বার্তোলুচ্চি প্রমুখ দিকপাল পরিচালকের ছবিতে অভিনয় করেছেন, পেয়েছেন গোল্ডেন গ্লোবসহ বহু আন্তর্জাতিক পুরস্কার।







