পর্তুগালের বন্দরনগরী পোর্তোর বাসিন্দাদের জন্য বিনামূল্যে গণপরিবহন সুবিধা চালু করেছে নগর কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১৪ জুলাই) থেকে কার্যকর হওয়া এ উদ্যোগের আওতায় নির্দিষ্ট শর্ত পূরণকারী বাসিন্দারা বিনা ভাড়ায় বাস, ট্রামসহ মহানগর এলাকার বিভিন্ন গণপরিবহন ব্যবহার করতে পারবেন।
পোর্তো সিটি কাউন্সিলের তথ্যমতে, ‘কার্তাঁও পোর্তো’ (পোর্তো কার্ড) বা পৌরসভার বাসিন্দা কার্ডধারীরা এ সুবিধা পাবেন। কার্ডটি সক্রিয় করার পর ব্যবহারকারীরা পোর্তো মহানগর এলাকার গণপরিবহন নেটওয়ার্কে বিনামূল্যে ভ্রমণ করতে পারবেন।
নগর কর্তৃপক্ষ জানিয়েছে, এই পদক্ষেপের প্রধান লক্ষ্য নাগরিকদের যাতায়াত ব্যয় কমানো এবং ব্যক্তিগত গাড়ির ব্যবহার নিরুৎসাহিত করে পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থাকে উৎসাহিত করা। এর মাধ্যমে যানজট ও কার্বন নি:সরণ কমানোরও আশা করা হচ্ছে। পোর্তোর মেয়র পেদ্রো দুয়ার্তে বলেন, বাসযোগ্য ও টেকসই নগর গড়ে তোলার অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তার ভাষ্য, গণপরিবহনকে আরও সহজলভ্য করার মাধ্যমে নাগরিকদের জীবনমান উন্নয়নের পাশাপাশি পরিবেশ সংরক্ষণেও ইতিবাচক প্রভাব পড়বে। এই সুবিধা শুধু শহরের অভ্যন্তরেই সীমাবদ্ধ নয়। বিনামূল্যের পাস ব্যবহার করে বাসিন্দারা মেট্রো, বাস, নগর ট্রেন এবং ঐতিহ্যবাহী ট্রামসহ পোর্তো মহানগর এলাকার বিভিন্ন গণপরিবহন ব্যবস্থায় ভ্রমণ করতে পারবেন।
নগর কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিক পর্যায়ে এই সেবার কার্যকারিতা ও নাগরিকদের সাড়া পর্যবেক্ষণ করে আগামীতে বিনামূল্যে যাতায়াতের আওতা এবং রুটের সংখ্যা আরও বাড়ানো হবে। পোর্তোর এই নতুন উদ্যোগ পর্তুগালের অন্যান্য শহরের জন্যও একটি আদর্শ উদাহরণ হয়ে থাকবে বলে মনে করছেন পরিবেশ ও নগর পরিকল্পনাবিদরা।







