প্রচণ্ড তাপপ্রবাহের কারণে ফ্রান্সের একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের একটি চুল্লির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, তুলুজের কাছে অবস্থিত গলফেক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পরিচালনাকারী কর্তৃপক্ষ নিরাপত্তাজনিত কারণে একটি চুল্লি বন্ধ করার সিদ্ধান্ত নেয়। কেন্দ্রটি নিকটবর্তী গারন নদীর পানি ব্যবহার করে শীতলীকরণ প্রক্রিয়া চালায়। তবে তাপপ্রবাহের কারণে নদীর পানির তাপমাত্রা বেড়ে গিয়ে ২৮ ডিগ্রি সেলসিয়াসের নিরাপদ সীমা অতিক্রম করে, যা পারমাণবিক চুল্লির নিরাপদ কার্যক্রমের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।
কর্তৃপক্ষ জানায়, অতিরিক্ত উত্তপ্ত পানি ব্যবহারের ফলে পরিবেশগত ও নিরাপত্তাজনিত ঝুঁকি তৈরি হতে পারে, সে কারণে বিদ্যুৎ উৎপাদন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, ইউরোপজুড়ে চলমান তাপপ্রবাহ বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে, বিশেষ করে যেসব কেন্দ্র নদীর পানির ওপর নির্ভরশীল।







