ফরাসি সরকার অতিরিক্ত ওয়াইন ধ্বংস এবং এর উৎপাদনকারীদের সহায়তা করতে ২০০ মিলিয়ন ইউরো (২ হাজার ৩শ’ ৬০ কোটি টাকা) বরাদ্দ করছে।
বিবিসি জানিয়েছে, দেশটির জনগণের মধ্যে ওয়াইনের চাহিদা ব্যাপক হারে হ্রাস পেয়েছে এবং বেশিরভাগই ক্রাফ্ট বিয়ার পান করে থাকে। এই অবস্থায় ওয়াইনের অতিরিক্ত উৎপাদন এবং জীবনযাত্রার ব্যয়ের সংকট এই শিল্পকে ক্ষতিগ্রস্ত করছে।
বরাদ্দ দেওয়া এই অর্থের বেশিরভাগই হ্যান্ড স্যানিটাইজার এবং পারফিউমের মতো পণ্যগুলোতে ব্যবহারের জন্য বিক্রি করা অ্যালকোহলসহ অতিরিক্ত স্টক কিনতে খরচ করা হবে। এছাড়াও মাত্রাতিরিক্ত উৎপাদন এড়াতে ওয়াইন উৎপাদনকারীদের অন্যান্য খাত যেমন- অলিভ উৎপাদনে উৎসাহিত করতে প্রণোদনাও দেওয়া হবে এই তহবিল থেকে।
দেশটির কৃষিমন্ত্রী মার্ক ফেসনিউ বলেছেন, ফরাসি সরকারের লক্ষ্য হল ওয়াইন নির্মাতারা যাতে আবার মুনাফা অর্জন করতে পারে তা নিশ্চিত করা।
তিনি বলেন, ওয়াইন শিল্পকে এখন ভবিষ্যতের দিকে তাকিয়ে ভোক্তাদের পরিবর্তন সম্পর্কে চিন্তা করতে হবে এবং তা মানিয়ে নিতে হবে।
ইউরোপীয় কমিশনের তথ্য অনুসারে, ওয়াইন ব্যবহার ইটালিতে ৭ শতাংশ, স্পেনে ১০ শতাংশ, ফ্রান্সে ১৫ শতাংশ, জার্মানিতে ২২ শতাংশ এবং পর্তুগালে ৩৪ শতাংশ হ্রাস পেয়েছে।







