জগিং করার সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন স্তানিস্লাভ রঝিতস্কি নামক রাশিয়ার ৪২ বছর বয়সী একজন মবিলাইজেশন অফিসার এবং সাবেক সাবমেরিন ক্যাপ্টেন।
বিবিসি জানিয়েছে, রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর ক্রাসনোদারে দুষ্কৃতিকারীর গুলিতে নিহত হয়েছেন তিনি। অফিসারের পিঠে এবং বুকে গুলি করা হয়েছিল। রাশিয়ান তদন্তকারীরা হত্যাকাণ্ডের সাথে জড়িত একজনকে গ্রেপ্তার করেছে।
ঘটনাস্থলে নিহতের ঘড়ি এবং হেডফোন পাওয়া গেছে, এর মানে হত্যাকারীর চুরির উদ্দেশ্য ছিল না। সন্দেহভাজনের নাম সেরহি ডেনিসেনকো। ১৯৫৯ সালে ইউক্রেনের সুমি শহরে জন্মগ্রহণকারী ডেনিসেনকো ইউক্রেনীয় কারাতে ফেডারেশনের সাবেক প্রধান ছিলেন।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, ক্যাপ্টেন রিজিটস্কি তার সকালের জগিং করছিলেন, এরপর বাইকে করে একজন লোক সেখানে আসেন। ক্যাপ্টেন রিজিটস্কি ওই স্থানে নিয়মিত জগিং করতেন। তাই হত্যাকারী সহজেই তাকে ট্র্যাক করতে পারে।
একটি বিবৃতিতে, ইউক্রেনের সামরিক গোয়েন্দারা বলেছে যে ভারী বৃষ্টির কারণে পার্কটি জনশূন্য ছিল তাই এমন কোনোও প্রত্যক্ষদর্শী নেই যারা বিস্তারিত জানাতে পারে বা হামলাকারীকে শনাক্ত করতে পারে।
ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা আন্তন গেরাশচেঙ্কো একটি টুইট বার্তায় বলেন, রাশিয়ান মিডিয়া ইউক্রেনকে জড়িত থাকার অভিযোগ করছে তবে তিনি এই সন্দেহটি ন্যায্য কিনা তা বলেননি।









