অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সচিবের স্বাক্ষর ছাড়াই শুধুমাত্র নিজের স্বাক্ষরে প্রকল্প অনুমোদন দিয়েছেন বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
আজ (২৩ মে) শনিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী অভিযোগ করে বলেন, অন্তবর্তীকালীন সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সচিবের স্বাক্ষর ছাড়াই শুধু নিজের স্বাক্ষরে প্রকল্প অনুমোদন দিয়েছেন।
তিনি জানান, দীর্ঘ সময় ধরে বিভিন্ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠায় এই অনুসন্ধান কার্যক্রম শুরু করা হয়েছে। বিশেষ করে উন্নয়ন প্রকল্পের অর্থ ব্যয় ও বাস্তবায়ন পরিস্থিতি খতিয়ে দেখা হবে। গত ১৮ মাসে পিরোজপুরে উল্লেখযোগ্য কোনো উন্নয়নকাজ হয়নি।
অন্তর্বর্তীকালীন সরকারের সময় উপদেষ্টাদের মৌখিক নির্দেশনার কারণে এসব কাজ বন্ধ ছিল দাবি করে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে পিরোজপুরের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নামে প্রায় ছয় হাজার কোটি টাকা উত্তোলন করা হলেও বাস্তবে কোনো কাজ হয়নি।
তিনি বলেন, স্থানীয় সরকার বিভাগ এবং এর অধীন দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানের ২০০৯ সালের জানুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত সময়ের সার্বিক কার্যক্রমে কোনো অনিয়ম বা দুর্নীতি হয়েছে কি না, তা অনুসন্ধানে স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালককে আহ্বায়ক করে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
কমিটিকে ৬০ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।








