ঘন কুয়াশায় রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া ফেরি ঘাটে লঞ্চসহ সকল নৌ চলাচল বন্ধ রয়েছে। কুয়াশায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।
রোববার দিনগত রাত সোয়া ১১টা থেকে নৌপথে সব ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষ জানায়, রোববার রাত সাড়ে ৮টার পর থেকে হালকা কুয়াশা পড়তে শুরু করে। সময়ের সাথে সাথে কুয়াশার পরিমাণ বাড়তে থাকে। এক পর্যায়ে নৌ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় ওই দিন রাত সোয়া ১১টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি সার্ভিস বন্ধ ঘোষণা করা হয়।
দৌলতদিয়া ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে, ঘন কুয়াশার মধ্যে ফেরি চলাচল সচল রাখার বিশেষ কোনো ব্যবস্থা নেই। তাই দুর্ঘটনা এড়াতে রোববার দিনগত রাত সোয়া ১১টা থেকে এই নৌপথে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি সার্ভিস চালু করা হবে।







