ভারত-নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের পেহেলগামে জঙ্গি হামলার পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনাকর পরিস্থিতি চলছে।
সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
ভারত ‘সিন্ধু পানি চুক্তি’ স্থগিতসহ বেশ কয়েকটি ব্যবস্থা নিয়েছে। পাকিস্তানও পাল্টা ব্যবস্থা নিয়েছে। এরমধ্যেই ঝিলাম নদীতে অতিরিক্ত পানি ছেড়েছে ভারত। এতে পাকিস্তানের কাশ্মিরে মাঝারি বন্যা দেখা দিয়েছে।
মুজাফ্ফরাবাদের বিভাগীয় প্রশাসন জানিয়েছে, ভারত ঝিলাম নদীর পানি স্বাভাবিকের চেয়ে বেশি ছাড়ায় এ বন্যা শুরু হয়েছে। সেখানকার বাসিন্দাদের সতর্ক থাকতে নির্দেশনা দেয়া হয়েছে। এদিকে পেহেলগামের হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহী গোষ্ঠী দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট।
পাকিস্তানের কাশ্মিরের রাজধানী মুজাফ্ফরাবাদ প্রশাসনের মুখপাত্র জানিয়েছেন, পাকিস্তানকে অবহিত না করেই ঝিলামের পানি বেশি পরিমাণে ছাড়ছে ভারত। হু হু করে ঝিলাম নদীর পানি বেড়ে যাচ্ছে। এতে নদী পাড়ের মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
ভারত ও পাকিস্তানের মধ্যে থাকা সিন্ধু নদের একটি উপনদী ঝিলাম। পাকিস্তানের সঙ্গে থাকা সিন্ধু নদের পানি চুক্তি স্থগিত করেছে নয়াদিল্লি। এ নিয়ে পাকিস্তান ও ভারতের মধ্যে পাল্টাপাল্টি উত্তেজনাকর বাকযুদ্ধ চলছে।
পেহেলগামে হামলার দায় অস্বীকার করেছে বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহী গোষ্ঠী দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট- টিআরএফ। তারা জানায়, ভারতীয় গণমাধ্যমে প্রচারিত হামলার তাদের দায় স্বীকারের খবরটি সঠিক নয়। ভারতের এটা একটি মিথ্যা প্রচারণা বলে দাবি করে টিআরএফ।
গত মঙ্গলবার ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পেহেলগামে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ২৬ জন নিহত হন। পরোক্ষভাবে পাকিস্তান এ হামলায় জড়িত এমন অভিযোগ তুলে বুধবার দেশটির সঙ্গে ১৯৬০ সালের ‘সিন্ধু পানি চুক্তি’ স্থগিত করেছে ভারত।








