চুয়াডাঙ্গা: হামে শিশু মৃত্যুর প্রথম ঘটনা

ছবি: প্রতিনিধি
চুয়াডাঙ্গায় হামে আক্রান্ত হয়ে ৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। হামে আক্রান্ত হয়ে এই জেলায় এটিই প্রথম মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নাজমুস সাকিব।
শুক্রবার (২৪ এপ্রিল) সকালে শিশুটিকে গুরুতর অসুস্থ অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত শিশু হুমাইরা খাতুন সদর উপজেলার দীননাথপুর গ্রামের নিমতলা পাড়ার হুমায়ুন ইকবালের মেয়ে। শিশুটির নমুনা সংগ্রহ করে ঢাকায় পরীক্ষার জন্য পাঠানো হলে তা পজিটিভ আসে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সূত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল হামের উপসর্গ নিয়ে হুমাইরা খাতুনকে সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ১৯ এপ্রিল তাকে সদর হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে স্থানান্তর করা হয়। পরে পরীক্ষায় হামের সংক্রমণ নিশ্চিত হয়।
গত ২৩ এপ্রিল চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়িতে নেওয়া হলে পরদিন সকালে তার শারীরিক অবস্থার হঠাৎ অবনতি ঘটে। পরে দ্রুত হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতাল সূত্র জানায়, এ পর্যন্ত জেলায় প্রায় ৫০ জন রোগী হাম আক্রান্ত ও উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছেন। বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও ৫ জন রোগী ভর্তি রয়েছেন।





