টাঙ্গাইলের ঘাটাইলের গুনোগ্রাম হাজীনগর এলাকায় একটি সুতার মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার ১৬ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে আগুনের সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শী ও মিলের শ্রমিকরা জানান, হঠাৎ করে মিলের ভেতর থেকে ধোঁয়া ও আগুন দেখা দিলে তারা স্থানীয়ভাবে আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে ঘাটাইল ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে ঘাটাইল ও কালিহাতী ফায়ার সার্ভিসের আরও তিনটি ইউনিট যুক্ত হয়। প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস সদস্যরা।
ঘাটাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউস ইন্সপেক্টর রতন কুমার দেবনাথ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে বিদ্যুতের শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।







