ঢাকার বাড্ডা ও শাহজাদপুর এলাকায় আধঘণ্টার ব্যবধানে যাত্রীবাহী দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এই ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
সোমবার (১০ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সদরদপ্তরের কর্মকর্তা রাশেদ বিন খালেদ বলেন, ভোর ৫টা ৪০ মিনিটের দিকে গুলশানের শাহজাদপুর এলাকায় যাত্রীবাহী ভিক্টর পরিবহনে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। বাসটি সদরঘাট থেকে উত্তরার দিকে যাচ্ছিল।
তিনি আরও বলেন, বাসে আগুনের আরেকটি ঘটনা ঘটেছে বাড্ডার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে। সকাল সোয়া ছয়টার দিকে যাত্রীবাহী আকাশ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।







