নিরপত্তার আন্তর্জাতিক সকল শর্ত পূরণ করেই নির্মাণ হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার চূড়ান্ত অনুমোদন পেলে ২০২৫ সালের মার্চেই প্রথম ইউনিটে পরমাণু বিদ্যুৎ উৎপাদন করতে চায় সরকার।
শুক্রবার (১৩ নভেম্বর) রাতে পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিয়ম শেষে এ তথ্য জানিয়েছেন অর্থ ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।
এর আগে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষজ্ঞ দলকে সাথে নিয়ে উপদেষ্টা রূপপুর প্রকল্প ঘুরে দেখেন।
রূপপুরের নিরপত্তায় সন্তোষ প্রকাশ করে অর্থ উপদেষ্টা বলেন, পরমাণু নিরপত্তার সর্বাধুনিক পদ্ধতি মেনেই প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে, আমরা যত তাড়াতাড়ি সম্ভব এর ইতিবাচক প্রভাব দেশের কাজে লাগাতে চাই।
প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিকে স্বাভাবিক মন্তব্য করে অর্থ উপদেষ্টা বলেন, বড় প্রকল্প হিসেবে যেটুকু মেয়াদ বেড়েছে তা খুব বেশি নয়, সুদের বিষয়ে রাশিয়ার সাথে সমঝোতার সুযোগ রয়েছে।
বিগত সরকার পনের বছরে রাষ্টের প্রাতিষ্ঠানিক কাঠামো ধ্বংস করেছে মন্তব্য করে মতবিনিময় সভায় সরকারি কর্মকর্তাদের স্বচ্ছতা ও দায়িত্বশীলতার সাথে কাজ করার নির্দেশনা দেন।
এ সময় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের সিনিয়র সচিব মোকাব্বির হোসেন, পাবনা জেলা প্রশাসক মফিজুল হক, পুলিশ সুপার মোর্তজা আলীসহ সকল সরকারি দপ্তরের কর্মকর্তরা উপস্থিত ছিলেন।







