আন্তর্জাতিক

অবশেষে কারাবন্দী ইমরান খানের সঙ্গে দেখা, বেরিয়ে নীরব বোন

ইমরান খানের সঙ্গে দেখা শেষে নীরব বোনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

দীর্ঘ সময় পর পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে দেখা করেছেন তার বোন নোরিন নিয়াজি।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে গিয়ে তিনি ইমরানের সঙ্গে সাক্ষাৎ করেন।

পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইমরান খানকে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়মিত সাক্ষাতের সুযোগ দেওয়ার নির্দেশ দেওয়ার পর নোরিনকে কারাগারে প্রবেশের অনুমতি দেওয়া হয়। চলতি বছরে এটাই ছিল ইমরানের সঙ্গে তার প্রথম সাক্ষাৎ।

কারাগার সূত্রের বরাতে ডনের প্রতিবেদনে বলা হয়েছে, কারাগারের একটি কনফারেন্স কক্ষে নোরিনের সঙ্গে ইমরানের সাক্ষাৎ হয়। সেখানে ইমরানের শারীরিক অবস্থা ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেন তারা। তবে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি নোরিন।

ডনের প্রতিবেদনে বলা হয়েছে, ইমরানের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের কোনো মন্তব্য না করার শর্তেই নোরিনকে কারাগারে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল।

তোশাখানা উপহারের তথ্য গোপনের অভিযোগে ২০২৩ সালের ৫ আগস্ট থেকে কারাবন্দী রয়েছেন ইমরান খান। আল-কাদির ট্রাস্ট বা ১৯ কোটি পাউন্ডের দুর্নীতি মামলায় তাকে ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বর্তমানে তিনি আদিয়ালা কারাগারে সাজা ভোগ করছেন।

কারাবন্দী হওয়ার পর ইমরান খানের পরিবারের সদস্য, আইনজীবী ও সহযোগীদের মঙ্গলবার ও বৃহস্পতিবার সাক্ষাতের অনুমতি দিয়েছিল ইসলামাবাদ হাইকোর্ট। তবে গত কয়েক মাস ধরে তাকে দর্শনার্থীদের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছিল না।

অন্যদিকে ইমরানের অন্য দুই বোন আলিমা খানুম ও ডা. উজমা খানুম এবং তার চাচাতো ভাই কাসিম জামানকে আদিয়ালা রোডের দাহগাল নাকা এলাকায় আটকে দেওয়া হয় বলে ডনের প্রতিবেদনে বলা হয়েছে। ওই এলাকায় নিরাপত্তা চৌকি ও সড়কের সংযোগস্থলে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন ছিল।

খাইবার পাখতুনখোয়ার জ্যেষ্ঠ প্রাদেশিক মন্ত্রী মীনা খান এবং পিটিআই নেতা খালিদ ইউসুফ চৌধুরী ও শহিদ খাটকও সেখানে উপস্থিত ছিলেন।

অন্যদিকে, ইমরান খানের স্ত্রী বুশরা বিবিও মঙ্গলবার কারাগারের কনফারেন্স কক্ষে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রায় ৪০ মিনিটের বৈঠকে তার স্বাস্থ্য ও আইনি বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় তার সন্তান মুসা ও মুবাশশারা মানেকা এবং ননদ মেহরুননিসা উপস্থিত ছিলেন।

এদিন পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইমরান খানকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিষয়:ইমরান খান কারাবন্দী জেল সাবেক প্রধানমন্ত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…