জিম্বাবুয়ে ফুটবল অ্যাসোসিয়েশনে সরকারি হস্তক্ষেপের কারণে নিষেধাজ্ঞা দিয়েছিল ফিফা। দেড়বছর নিষিদ্ধ থাকার পর আফ্রিকার দেশটির উপর থেকে আরোপ প্রত্যাহার করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য একটি কমিটিও নিয়োগ করা হয়েছে।
ফিফা প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ‘এই অবস্থায় কাউন্সিল ব্যুরো সিদ্ধান্ত নিয়েছে ১০ জুলাই ২০২৩ হতে জিম্বাবুয়ে ফুটবল ফেডারেশনের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার এবং জিফার জন্য একটি স্বাভাবিকীকরণ কমিটি নিয়োগ দেয়ার। ফিফার বর্ণিত অনুচ্ছেদ ৮-এর ধারা ২ অনুসরণ করে এ সিদ্ধান্ত নেয়া হল।’
নিষেধাজ্ঞা প্রত্যাহারে ২০২৬ সালের বিশ্বকাপ বাছাইয়ে অংশ নিতে পারবে দেশটি। আগামী নভেম্বরে আফ্রিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাই শুরু হবে। এর আগে নিষেধাজ্ঞার জন্য ২০২৩ সালের আফ্রিকান কাপ অব নেশন্সের প্রাথমিক পর্যায়ে অংশ নিতে পারেনি জিম্বাবুয়ে।
২০১৯ সালের আফ্রিকান নেশন্স কাপে অংশগ্রহণের জন্য সরকার থেকে অর্থ বরাদ্দ দেয়া হয়। কিন্তু সরকার পক্ষ থেকে অভিযোগ তোলা হয় অ্যাসোসিয়েশন সেই অর্থের যথাযথ ব্যবহার করতে পারেনি। এজন্য ‘স্পোর্টস এন্ড রিক্রিয়েশন কমিশন’ ২০২১ সালের নভেম্বরে জিম্বাবুয়ে অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটিকে বিলুপ্ত করেছিল। ফিফা তার সদস্য দেশের ফেডারেশনে সরকারি হস্তক্ষেপ মেনে নেয় না, তাতে নেমে আসে বিধিনিষেধ।







