বসনিয়া-হার্জেগোভিনার বিশ্বকাপ স্বপ্ন ভেঙে গেল প্রথম নকআউট ম্যাচেই। ১০ জনের যুক্তরাষ্ট্রের কাছে হেরে আসর থেকে বিদায় নিতে হল তাদের। তাতে কানাডা-মেক্সকোর পর তৃতীয় আয়োজক যুক্তরাষ্ট্রও পা রাখল শেষ ষোলোতে। আগামী ৭ জুলাই বেলজিয়ামের বিপক্ষে শেষ ষোলোতে লড়বে মাউরিসিও পচেত্তিনোর দল।
সান ফ্রান্সিসকোর লেভি’স স্টেডিয়ামে বৃহস্পতিবার ভোরে বসনিয়ার সঙ্গে ২-০ গোলের ব্যবধানে জিতেছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। ম্যাচ জুড়ে গোলের জন্য তারা আটটি শট নিলেও কেবল দুটি লক্ষ্যে রাখতে পারে। তবে সেই দুটিতেই আসে সফলতা।
শুরু থেকে ম্যাচের নিয়ন্ত্রণ ছিল যুক্তরাষ্ট্রের হাতেই। প্রথমার্ধের ডিহাইড্রেশন ব্রেক পর্যন্ত কোন দল গোলের দেখা না পেলেও খেলায় আধিপত্য বিস্তার করে মাউরিসিও পচেত্তিনোর দল। ক্রমাগত চাপের ফল পেতে অবশ্য বেশি অপেক্ষা করতে হয়নি যুক্তরাষ্ট্রকে। ৪৫ মিনিটে মালিক টিলম্যানের পাস থেকে আক্রমণের সূচনা হয়। তার বাড়ানো বল বসনিয়ার দুই ডিফেন্ডারের গায়ে লেগে দিক পরিবর্তন করে গিয়ে পড়ে ফোলারিন বালোগানের সামনে। সুযোগ বুঝে দ্রুত এগিয়ে আসা গোলরক্ষক ভাসিলজের সামনে ঠান্ডা মাথায় ফিনিশিং করেন যুক্তরাষ্ট্রের এই স্ট্রাইকার। এই গোলে ১-০তে এগিয়ে থেকে বিরতিতে যায় যুক্তরাষ্ট্র।
বিরতির পর ৫২ মিনিটে চোট নিয়ে মাঠ ছাড়েন বসনিয়ার সর্বোচ্চ গোলদাতা এডিন জেকো। এরপরও বলের দখল ধরে রেখে যুক্তরাষ্ট্রকে চাপে রাখে বসনিয়া। তবে ৬৫ মিনিটে তারিক মুহারেমোভিচ ও ফোলারিন বালোগান সংঘর্ষের ঘটনায় ভিএআর দেখে যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড বালোগানকে লাল কার্ড দেখান রেফারি।
একজন বেশি নিয়ে খেলেও সুযোগ কাজে লাগাতে পারেনি বসনিয়া। ৭৯ মিনিটে পুলিসিকের গোল অফসাইডে বাতিল হলেও তিন মিনিট পর টিলম্যান বক্সের বাইরে থেকে দুর্দান্ত ফ্রি-কিকে বল জালে জড়িয়ে যুক্তরাষ্ট্রের ২-০ গোলের জয় নিশ্চিত করেন।
এই জয়ে ১৯৩০ সালের তৃতীয় স্থান ও ২০০২ সালের কোয়ার্টার ফাইনালের পর আবারও বিশ্বকাপে শেষ ষোলোতে জায়গা নিশ্চিত করল যুক্তরাষ্ট্র।








