আর একদিন পর মাঠে গড়াবে ফুটবল বিশ্বকাপ। মহাযজ্ঞ সামনে রেখে বিশ্বব্যাপী চলছে নানা আয়োজন। তারই অংশ হিসেবে চ্যানেল আইয়ের বিশ্বকাপ বিশেষ আয়োজন ‘মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ’। গোলবারের জালে বল জড়িয়ে এই বিশেষ আয়োজন উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকসহ সাবেক জাতীয় ফুটবলাররা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএমসি-মনি বিস্কুটের প্রধান নির্বাহী তছলিম উদ্দিন খান।
চ্যানেল আই প্রাঙ্গণ মেতেছে বিশ্বকাপের রঙে। যেন ছোট-খাট একটা ফুটবল মাঠ। আশপাশে ভাসছে নানান দেশের পতাকা। বিশ্বকাপ যেন ভর করেছে চ্যানেল আইয়ে। এমন আয়োজনে মুগ্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী। চ্যানল আইকে এ ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের জন্য ধন্যবাদ জানিয়েছেন আমিনুল।
বাংলাদেশের ক্রীড়া ভবিষ্যৎ উন্নয়নের কোথাও উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেছেন, ‘আমাদের প্রধানমন্ত্রীর নেতৃতে আমরা নতুন করে ক্রীড়া কার্যক্রম শুরু করেছি, অনূর্ধ্ব ১২ থেকে ১৪ বছরের বাচ্চাদের দিয়ে। যেন ভবিষ্যতে গিয়ে একটা ভালো অবস্থা দেখতে পাই।’
সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, ‘আমরা একটি নতুন যুগের সুচনা করতে চাই। আমাদের মধ্যে অনেক বিভাজন থাকবে অনেক পার্থক্য থাকবে। কিন্তু আমরা তার মাঝে ঐক্য চাই।’
উদ্বোধন শেষে অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগার এবং চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ।
পুরো বিশ্বকাপ জুড়েই চ্যানল আইতে চলবে মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ। যেখানে আসবেন নানা তারকা।







