বিশ্বকাপে নিজের শেষ ম্যাচটি খেলে ফেলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেরা ষোলোতে স্পেনের বিপক্ষে হারা ম্যাচের আগেরদিন জানিয়ে দিয়েছিলেন এটা তার শেষ বিশ্বকাপ। স্প্যানিয়ার্ডদের বিপক্ষে হেরে আসর থেকে ছিটকে গেছে পর্তুগিজরা, নিজের শেষ বিশ্বকাপ ম্যাচও খেলে ফেলেছেন সিআর সেভেন। তবে জাতীয় দল থেকে কবে অবসরে যাবেন, সেই সিদ্ধান্ত এখনও নেননি মহাতারকা।
গতরাতে সেরা ষোলোর ম্যাচে ৯০ মিনিট লড়াই করেও জালের দেখা মেলেনি স্পেন-পর্তুগালের। ম্যাচে ৬ মিনিট যোগ করার প্রথম মিনিটে মিকেল মেরিনোর গোল। সেখানেই বিদায়ের পথ দেখে পর্তুগাল। ১-০ গোলে জিতে কোয়ার্টার ফাইনালের টিকিট স্প্যানিয়ার্ডের। ফলে বিশ্বকাপ শিরোপার অপূর্ণতা রয়ে গেল পর্তুগিজ মহাতারকার।
ম্যাচ শেষে রোনালদো বলেছেন, ‘হ্যাঁ, এটিই আমার শেষ বিশ্বকাপ। তবে এখন আমার পরিবারের সাথে সময় কাটানোর সুযোগ হবে। জীবন তার নিজের গতিতে চলবে। জাতীয় দলের হয়ে আমার শেষ ম্যাচ ছিল কিনা, তা নিশ্চিত করতে পারছি না। আবেগের বশে বা উত্তেজনায় কোন সিদ্ধান্ত নেই না। এই মুহূর্তে সেটা মোটেও গুরুত্বপূর্ণ নয়।’

