স্বাস্থ্য

১১ লাখ মানুষ সেবা নিয়েছেন ৬ মাসে, তাও কেন বন্ধ স্বাস্থ্য বাতায়ন?

১১ লাখ মানুষ সেবা নিয়েছেন ৬ মাসে, তাও কেন বন্ধ স্বাস্থ্য বাতায়ন?

১৬ কোটি টাকার বেশি বিল বকেয়া ও চুক্তি জটিলতায় বন্ধ হয়ে গেছে জাতীয় টেলিহেলথ সেবা ‘স্বাস্থ্য বাতায়ন’। গত ১২ নভেম্বর রাত ৯টা থেকে ১৬২৬৩ নম্বরে ফোন করে চিকিৎসকের পরামর্শ পাচ্ছেন না দেশের মানুষ। প্রায় ১১ বছর ধরে চালু থাকা ২৪ ঘণ্টার এ সেবা বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন প্রত্যন্ত অঞ্চলের মানুষ, অন্তঃসত্ত্বা নারী ও বয়স্ক রোগীরা। তবে স্বাস্থ্য বাতায়ন আবার চালুর উদ্যোগ নিয়েছে সরকার।

২০১৫ সালে চালু হওয়া স্বাস্থ্য বাতায়নের মাধ্যমে দেশের যেকোনো প্রান্ত থেকে ১৬২৬৩ নম্বরে ফোন করে বিনা মূল্যে চিকিৎসকের পরামর্শ পাওয়া যেত। রোগীরা নিজেদের শারীরিক সমস্যা ও উপসর্গ জানালে চিকিৎসকেরা প্রয়োজনীয় পরামর্শ দিতেন। প্রয়োজনে মোবাইল ফোনে ইলেকট্রনিক ব্যবস্থাপত্রও পাঠানো হতো। বিশেষায়িত হাসপাতালে যাওয়ার পরামর্শের পাশাপাশি পাওয়া যেত অ্যাম্বুলেন্সসংক্রান্ত তথ্য।

স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের (এমআইএস) ই-হেলথ অপারেশনাল প্ল্যানের আওতায় সেবাটি চালু করা হয়। সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) ভিত্তিতে এটি পরিচালনার দায়িত্ব পায় বেসরকারি প্রতিষ্ঠান সিনেসিস আইটি। সেবা পরিচালনায় প্রতিষ্ঠানটি প্রায় ১০০ জন এমবিবিএস চিকিৎসক ও ৩০ জন কাউন্সেলর নিয়োজিত রেখেছিল।

কিন্তু ২০২৪ সালের জুনে যে অপারেশনাল প্ল্যানের আওতায় সেবাটির অর্থায়ন হতো, সেটির মেয়াদ শেষ হয়ে যায়। এরপর বিকল্প অর্থায়নের ব্যবস্থা না হওয়ায় সংকট তৈরি হয়। দুই দফায় সেবার মেয়াদ বাড়ানো হলেও বিল পরিশোধ করেনি সরকার। গত ১২ নভেম্বর দ্বিতীয় দফার মেয়াদ শেষ হলে বন্ধ হয়ে যায় সেবা।

সিনেসিস আইটির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ বলেন, ২০২৪ সালের পর সরকার দুই দফায় সেবার মেয়াদ বাড়ালেও প্রতিষ্ঠানকে কোনো বিল পরিশোধ করেনি। দ্বিতীয় দফার মেয়াদ শেষ হওয়ার সময় তাদের পাওনা দাঁড়ায় ১৬ কোটি টাকার বেশি।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সোহরাব আহমেদ চৌধুরী জানান, চলতি বছরের এপ্রিল নাগাদ তাদের ২২ মাসের বিল বকেয়া ছিল। আর্থিক সংকটের কারণে কর্মীর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনতে বাধ্য হয় প্রতিষ্ঠানটি। চিকিৎসকদের বেতন পরিশোধ করতেও সমস্যা হচ্ছিল।

তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় ৩১ অক্টোবর পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়িয়েছিল। এরপর নতুন করে মেয়াদ বাড়ানোর আবেদন করা হয়। কিন্তু ১০ নভেম্বর স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়ে দেয়, চুক্তি আর নবায়ন করা হবে না। এর দুই দিন পর ১২ নভেম্বর রাত ৯টায় সেবা বন্ধ করে দেওয়া হয়।

সিনেসিস আইটির দাবি, স্বাস্থ্য বাতায়ন চালুর পর থেকে প্রায় তিন কোটি কলের সেবা দেওয়া হয়েছে। চলতি বছরের ২ মে থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ছয় মাসে সেবাটি নিয়েছেন ১১ লাখ ২৩ হাজার ৩৮ জন। বন্ধ হওয়ার আগে প্রতিদিন গড়ে প্রায় পাঁচ হাজার কল আসত। কোনো কোনো সময়ে দৈনিক সেবাগ্রহীতার সংখ্যা ছিল প্রায় সাত হাজার।

করোনাভাইরাস মহামারির সময় ২০২০ সালে স্বাস্থ্য বাতায়নের গুরুত্ব বেড়ে যায়। ডেঙ্গু ও চিকুনগুনিয়ার সময়ও মানুষ এ সেবা থেকে চিকিৎসা পরামর্শ নিয়েছেন। জ্বর, শ্বাসকষ্ট, করোনা পরীক্ষার কেন্দ্র এবং অ্যাম্বুলেন্সের তথ্য জানতে দেশের বিভিন্ন এলাকার মানুষ ফোন করতেন ১৬২৬৩ নম্বরে।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের হিসাবে, তিন মাস এ সেবা পরিচালনায় সরকারের ব্যয় হয়েছিল ২৯ কোটি টাকা। প্রতিটি সেবার পেছনে ব্যয় ছিল প্রায় ২০ টাকা।

বিকল্প কোনো ব্যবস্থা ছাড়াই জাতীয় পর্যায়ের এমন একটি স্বাস্থ্যসেবা বন্ধ হয়ে যাওয়াকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. আহমদ পারভেজ জাবীন বলেন, “প্রত্যন্ত অঞ্চলের মানুষ, অন্তঃসত্ত্বা নারী, বয়স্ক ব্যক্তি এবং যাদের পক্ষে সহজে হাসপাতালে যাওয়া সম্ভব নয়, তাদের জন্য স্বাস্থ্য বাতায়ন ছিল চিকিৎসকের পরামর্শ পাওয়ার সহজ মাধ্যম।”

তিনি বলেন, “এ ধরনের সেবা শুধু মানুষের চিকিৎসা-পরামর্শ পাওয়ার সুযোগই বাড়ায় না; বরং স্বাস্থ্য ব্যবস্থার সামগ্রিক ব্যয়-দক্ষতা বৃদ্ধিতেও ভূমিকা রাখতে পারে। প্রাথমিক পর্যায়ে টেলিফোনে চিকিৎসকের পরামর্শ পেলে অনেক ক্ষেত্রে অপ্রয়োজনে হাসপাতালে যাওয়া কমানো সম্ভব। এতে রোগীর সময় ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি স্বাস্থ্যসেবার ওপর চাপও কমতে পারে। তাই অর্থসংস্থান ও চুক্তি জটিলতার কারণে এমন একটি সেবা বন্ধ না রেখে এর জন্য স্থায়ী অর্থায়ন নিশ্চিত করা প্রয়োজন।”

বুধবার ১৬২৬৩ নম্বরে ফোন করলে স্বয়ংক্রিয় বার্তায় জানানো হয়, টেলিহেলথ সেবা বর্তমানে বন্ধ রয়েছে। এ অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হয়। সরকারের জাতীয় তথ্যসেবা ৩৩৩ নম্বরে ফোন করলেও কলটি ১৬২৬৩ নম্বরে পাঠানো হচ্ছিল। সেখানেও সেবা বন্ধ থাকার কথা জানানো হয়।

এ বিষয়ে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব এএনএম বজলুর রশীদ বলেন, স্বাস্থ্য বাতায়ন বন্ধ করার কোনো সিদ্ধান্ত সরকারের ছিল না। তবে সেবাদাতা প্রতিষ্ঠানের ১৬ কোটি টাকার বেশি বকেয়া পরিশোধের অর্থের সংস্থান করতে সমস্যায় পড়েছিল মন্ত্রণালয়।

তিনি বলেন, ‘আগে অপারেশনাল প্ল্যান বা খাতভিত্তিক কর্মসূচির মাধ্যমে এ সেবার অর্থ বরাদ্দ দেওয়া হতো। এখন আমরা প্রকল্পভিত্তিক ব্যবস্থায় চলে এসেছি। ফলে বিদ্যমান বাজেটে এ সেবার জন্য কোনো বরাদ্দ ছিল না। অর্থের সংস্থান করতে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গেও আলোচনা চলছিল।’

এর মধ্যেই সেবাদাতা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যায় বলে জানান তিনি। তবে শুধু চুক্তির মেয়াদ বাড়ানো নয়, চুক্তির শর্ত সংশোধন করে বকেয়া বিল পরিশোধের দাবি জানিয়েছে সিনেসিস আইটি।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সোহরাব আহমেদ চৌধুরী আশা করছেন, সরকার চুক্তি সংশোধন করে বকেয়া বিলও পরিশোধ করবে।

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব এএনএম বজলুর রশীদ জানিয়েছেন, সেবাদাতা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। জনগণের এ সেবা বন্ধ রাখার কোনো সুযোগ নেই। সরকার স্বাস্থ্য বাতায়ন বন্ধ করবে না।

বিষয়:সিনেসিস আইটি স্বাস্থ্য বাতায়ন স্বাস্থ্য মন্ত্রণালয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…