যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে ১৯ দিন পর গড়াবে ফুটবল বিশ্বকাপ। এরআগে ইবোলা প্রাদুর্ভাবের কারণে ডিআর কঙ্গো বিশ্বকাপ স্কোয়াডকে যুক্তরাষ্ট্রে প্রবেশের আগে ২১ দিনের জন্য আইসোলেশনে থাকতে বলা হয়েছে। কিনশাসায় প্রশিক্ষণ বাতিল হয়ে যাওয়ায় ডিআর কঙ্গো বেলজিয়ামে অনুশীলন করছে।
বিশ্বকাপের জন্য গঠিত হোয়াইট হাউস টাস্ক ফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জুলিয়ানি বলেছেন, ‘দলটিকে অবশ্যই বেলজিয়ামে একটি বাবলের মধ্যে থাকতে হবে। তাদেরকে সেই সুরক্ষাবলয় বজায় রাখতে হবে। নইলে তারা যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে না পারার ঝুঁকিতে পড়বে। আমরা এর চেয়ে স্পষ্ট করে আর কিছু বলতে পারি না।’
যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) এমন অ-মার্কিন নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ করেছে, যারা বিগত ২১ দিনের মধ্যে ডিআর কঙ্গো, উগান্ডা বা সাউথ সুদানে ছিলেন। ডিআর কঙ্গোর সকল খেলোয়াড় দেশের বাইরে থাকেন এবং প্রশিক্ষণ শিবির বাতিল হওয়ায় এই নিষেধাজ্ঞার কারণে তারা প্রভাবিত হবেন না।
‘যদি অন্য কেউ দলে যোগ দেয়, তবে তাদের ওই দল থেকে আলাদা একটি বলয়ে থাকতে হবে। যদি তারা শেষ পর্যন্ত আসে এবং তাদের মধ্যে কারও মধ্যে উপসর্গ দেখা দেয়, তাহলে পুরো দলের পক্ষে এই বিশ্বকাপে এসে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়টি ঝুঁকির মধ্যে পড়বে।’
শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) ডিআর কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাব থেকে সৃষ্ট জনস্বাস্থ্য ঝুঁকিকে উচ্চ থেকে অত্যন্ত উচ্চতে বলে জানিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ড. টেড্রোস আধানম গেব্রেয়াসুস বলেছেন, ‘আফ্রিকার বৃহত্তর অঞ্চলে ঝুঁকি বেশি হলেও বিশ্বব্যাপী তা কম রয়েছে।’
‘কে’ গ্রুপে কঙ্গোর প্রতিপক্ষ পর্তুগাল, উজবেকিস্তান এবং কলোম্বিয়া।








