ইতিহাসের সবচেয়ে বড় ফুটবল বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালের ধাপে ঢুকতে চলেছে একরাত পরই। ৪৮ দলের মধ্যে টিকে রয়েছে কেবল ১০টি, যার থেকে আসছে রাতে বিদায় নেবে দুটি দেশ। হাড্ডাহাড্ডি লড়াইয়ের এই পথে কোন দলই সহজ ছিল না, বরং শক্ত প্রতিপক্ষ ছিল, মনে করিয়ে দিলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।
মঙ্গলবার রাতে বাংলাদেশ সময় ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে মিশরের বিপক্ষে শিরোপার ধরে রাখার লড়াইয়ে সেরা ষোলোর ম্যাচে নামবে আর্জেন্টিনা। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টাইন কোচ প্রতিপক্ষ আর আসরে অংশগ্রহণকারী দেশগুলো নিয়ে কথা বলেছেন।
স্কালোনি বলেছেন, ‘টুর্নামেন্টের ফেভারিট দলগুলোও নিম্ন র্যাঙ্কের প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করতে হিমশিম খাচ্ছে। আমার মনে হয় এই বিশ্বকাপটা সবার জন্যই কঠিন হয়ে উঠছে। এখানে কোন একক প্রভাবশালী দল নেই।’
‘ফ্রান্সকে শক্তিশালী মনে হয়েছে, এবং তারা এখনও তাই। কিন্তু প্যারাগুয়ের বিপক্ষে তারা বেশ বেগ পেয়েছে। স্পেন একেবারে শেষপর্যন্ত লড়াই করেছে। বিশ্বকাপের আগে কোন দলই তাদের ফর্ম ধরে রাখতে পারেনি। প্রতিপক্ষরা ভালো খেলছে এবং পরিস্থিতিও আমরা এতদিন যা দেখে এসেছি তার থেকে ভিন্ন। যে খেলোয়াড়রা অনেক ম্যাচ খেলেছে, তারা এর প্রভাব অনুভব করছে।’








