কাতারে ৩৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়নের খেতাব সোনালী ট্রফি উঁচিয়ে ধরেছিল আর্জেন্টিনা। সেই ফাইনালের রেফারিকে আবারও পাচ্ছেন মেসি-মার্টিনেজরা, যুক্তরাষ্ট্র বিশ্বকাপে প্রথম ম্যাচেই। আলজেরিয়ার বিপক্ষে আলবিসেলেস্তেদের ম্যাচ পরিচালনা করবেন গত আসরের ফাইনালের রেফারি সাইমন মার্সিনিয়াক।
১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে নামবে আর্জেন্টিনা। পোলিশ রেফারি সাইমন গত বিশ্বকাপে আর্জেন্টিনার দুটি ম্যাচে রেফারি ছিলেন। তিনি ২০২২ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ষোলো এবং ফাইনালে ফ্রান্সের বিপক্ষে মেসিদের ম্যাচে রেফারি ছিলেন।
অবশ্য ২০২২ বিশ্বকাপেই আর্জেন্টিনার সাথে তার প্রথম সাক্ষাত নয়। ২০১৮ বিশ্বকাপে আইসল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার গ্রুপপর্বের ম্যাচেও রেফারি ছিলেন। মেসিরা সেদিন ১-১ গোলে ড্র করেছিল।
১৭ জুন ‘জে’ গ্রুপে আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপ যাত্রা শুরু করবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।







