সবশেষ ২০০৯ সালে ফেডারেশন কাপ ফুটবলের ফাইনালে খেলেছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। আবাহনী লিমিটেডকে হারিয়ে চ্যাম্পিয়নও হয়েছিল সাদা-কালো দলটি। পরে পেরিয়ে যায় ১৪ বছর। ফাইনালে খেলা হয়ে উঠেছিল সুদূরের স্বপ্ন। সেটারই হল অবসান। বসুন্ধরা কিংসকে ২-১ গোলে হারিয়ে মোহামেডান আসরের ফাইনালে উঠেছে।
মঙ্গলবার গোপালগঞ্জে ম্যাচের তৃতীয় মিনিটে ইমানুয়েল সানডের গোলে লিড পায় মোহামেডান। ৪৩ মিনিটে ডরেয়েন্টনের গোলে সমতায় ফিরে বিরতিতে যায় বসুন্ধরা।
ম্যাচের ৫৫ মিনিটে বক্সের ভেতর ঢুকে পড়েন ইমানুয়েল। তার পাসে বল নিয়ে জালে জড়িয়ে দেন সোলেমান দিয়াবা। সাদা-কালোরা আবারও লিড পেয়ে উৎসবে মাতে।
বাকি সময়ে আক্রমণ-পাল্টা আক্রমণে জমে উঠলেও আর গোলের দেখা মেলেনি। শেষ হাসিটা হেসেছে মোহামেডান।
আগামী ১৬মে দ্বিতীয় সেমিফাইনালে ঢাকা আবাহনীর মুখোমুখি হবে শেখ জামাল। জয়ী দলটির বিপক্ষে শিরোপার পরীক্ষা দেবে মোহামেডান।







