প্রবাস সংবাদ

কানাডায় বাড়ি বিক্রি কমার পূর্বাভাস, কমছে বাজারদরও

কানাডায় বাড়ি বিক্রি কমার পূর্বাভাস, কমছে বাজারদরও

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বন্ধকি ঋণের সুদের হার বৃদ্ধি, অর্থনৈতিক অনিশ্চয়তা ও বাড়তি আবাসন ব্যয়ের চাপে কানাডার আবাসন বাজারে গতি ফিরছে না। এ পরিস্থিতিতে ২০২৬ সালে দেশটিতে বাড়ি বিক্রির পূর্বাভাস কমিয়েছে কানাডিয়ান রিয়েল এস্টেট অ্যাসোসিয়েশন (সিআরইএ)। সংস্থাটির হিসাবে, গত বছরের তুলনায় এ বছর আবাসিক সম্পত্তি বিক্রি ৫ দশমিক ২ শতাংশ কমতে পারে।

১৬ অক্টোবর প্রকাশিত সর্বশেষ পূর্বাভাসে সিআরইএ জানিয়েছে, ২০২৬ সালে কানাডায় প্রায় ৪ লাখ ৪৪ হাজার ৫৩০টি আবাসিক সম্পত্তি বিক্রি হতে পারে। বছরের শুরুতে সংস্থাটি বিক্রিতে ৫ দশমিক ১ শতাংশ প্রবৃদ্ধির আশা করেছিল। পরে এপ্রিল মাসে সেই পূর্বাভাস কমিয়ে ১ শতাংশ প্রবৃদ্ধি এবং জুলাইয়ে ১ দশমিক ৪ শতাংশ পতনের আশঙ্কা প্রকাশ করা হয়।

বাজারের সাম্প্রতিক পরিসংখ্যানেও মন্থরতার চিত্র দেখা যাচ্ছে। সিআরইএর হিসাবে, সেপ্টেম্বরে আগের মাসের তুলনায় বাড়ি বিক্রি ২ দশমিক ৩ শতাংশ কমেছে। গত বছরের একই মাসের তুলনায় কমেছে ৭ দশমিক ৭ শতাংশ। একই সময়ে বিক্রির জন্য নতুন করে তালিকাভুক্ত বাড়ির সংখ্যা আগস্টের তুলনায় ১ দশমিক ৮ শতাংশ কমেছে।

সেপ্টেম্বরে কানাডায় বাড়ির জাতীয় গড় বিক্রয়মূল্য ছিল ৬ লাখ ৬৬ হাজার ৫৩৮ কানাডীয় ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ১ দশমিক ৬ শতাংশ কম। বাড়ির ধরন ও বৈশিষ্ট্যের পার্থক্য বিবেচনায় নেওয়া জাতীয় সমন্বিত আবাসন মূল্যসূচকও এক বছরে ৩ দশমিক ৪ শতাংশ কমেছে।

সিআরইএর মতে, বন্ধকি ঋণের সুদের হার বৃদ্ধি এবং অর্থনৈতিক অনিশ্চয়তা বাজারের ওপর চাপ তৈরি করছে। বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি ও মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগের পাশাপাশি সুদের হার বাড়ার আশঙ্কাও ক্রেতাদের সিদ্ধান্তে প্রভাব ফেলছে। বাড়ি কেনার ব্যয় আগে থেকেই বেশি থাকায় অনেকেই কেনার পরিকল্পনা পিছিয়ে দিচ্ছেন।

তবে বিক্রি কমলেও সারা দেশে বাড়ির দাম কমবে না বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। ২০২৬ সালে জাতীয় গড় বিক্রয়মূল্য বছরে ০ দশমিক ২ শতাংশ বেড়ে ৬ লাখ ৮১ হাজার ৬৮১ ডলারে পৌঁছাতে পারে। অঞ্চলভেদে পরিস্থিতি অবশ্য ভিন্ন। ব্রিটিশ কলাম্বিয়ায় গড় মূল্য ০ দশমিক ৮ শতাংশ এবং অন্টারিওতে ৩ শতাংশ কমতে পারে।

২০২৭ সালে বাজারে কিছুটা গতি ফেরার আশা করছে সিআরইএ। ওই বছর বাড়ি বিক্রি ৪ দশমিক ৪ শতাংশ বেড়ে ৪ লাখ ৬৪ হাজার ২৩৫টিতে পৌঁছাতে পারে। জাতীয় গড় বিক্রয়মূল্যও ১ দশমিক ২ শতাংশ বেড়ে ৬ লাখ ৮৯ হাজার ৯০৯ ডলার হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

তবে বাজারের এই সম্ভাব্য পুনরুদ্ধার নির্ভর করবে অর্থনৈতিক প্রবৃদ্ধি, জনসংখ্যা বৃদ্ধি এবং ঋণের সুদের হার নিয়ে অনিশ্চয়তা কতটা কমে, তার ওপর।

বিষয়:আবাসন বাজার কানাডা পূর্বাভাস মন্দা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…