যে কারণে স্থগিত হলো পরিচালক সমিতির নির্বাচন

প্রার্থীদের ছবি ও চ্যানেল আই লোগো সহ নির্বাচন স্থগিতের সংবাদ প্রচারিত ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ
বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির ২০২৫-২৬ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল শনিবার (২৮ ডিসেম্বর)। তবে তা হচ্ছে না। অনিবার্য কারণে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
শুক্রবার নির্বাচন কমিশনারের সঙ্গে দুই প্যানেলের প্রার্থীরা জরুরি বৈঠক সেরে এই সিদ্ধান্ত জানান।
উপসচিব পদপ্রার্থী কবিরুল ইসলাম রানা চ্যানেল আই অনলাইনকে বলেন, এফডিসির পক্ষ থেকে আমাদের বলা হয়েছে ডিএমপি অথবা এসবি পারমিশন আনতে পারেন। আমরা পারমিশন এনেছিলাম। কিন্তু বৃহস্পতিবার দুপুরে জানানো হয়েছে, সচিবালয়ে আগুন লাগায় কেপিআইভুক্ত এলাকায় নির্বাচন করা যাবে না।
“চাইলে আমরা এফডিসির বাইরে নির্বাচন অনুষ্ঠিত করতে পারতাম। কিন্তু আলমগীর, সোহেল রানা সাহেবের মতো তারকা নির্মাতা রয়েছেন, যাদের নিয়ে বাইরে যাওয়া নিরাপদ মনে করি না। এফডিসি যেহেতু আমাদের ঘর, আমরা এখানেই নির্বাচন করবো।”
তিনি বলেন,“৪৩ বছরের ইতিহাসে পরিচালক সমিতির নির্বাচনে কখনও গ্যাঞ্জাম হয়নি। ওয়ান ইলেভেনেও আমরা নির্বাচন করেছি। যেহেতু মিনিস্ট্রি বারণ করেছে এ কারণে আমরা আপাতত ভোট গ্রহণ স্থগিত রেখেছি। তবে এফডিসিতে আমাদের নির্বাচনী প্রচারণা চলছে। শিগগির আমরা সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে চাই।”
পরিচালক সাফি উদ্দিন সাফি মহাসচিব পদে প্রার্থী হয়েছেন। তিনি বলেন, সবার সম্মতিক্রমে ভোটগ্রহণ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন তারিখ শিগগিরই জানিয়ে দেওয়া হবে।
শোনা যাচ্ছে, দেশের রাজনৈতিক পটপরিবর্তনের কারণে চলচ্চিত্র অঙ্গনেও দেখা দিয়েছে বৈরী পরিবেশ। এফডিসিতে কান পাতলে শোনা যাচ্ছে, বিএফডিসির সংস্কার আগে যেকোনো নির্বাচন বন্ধ রাখা হবে।
কেউ কেউ বলছেন, দুই নির্বাচনী প্যানেলের মধ্যেই আওয়ামীলীগ সরকার সমর্থিত প্রার্থীরা রয়েছেন। এ কারণে নির্বাচন আপাতত স্থগিত রাখা হয়েছে।
এবারের নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। একটিতে সভাপতি পদের প্রার্থী শাহীন সুমন ও মহাসচিব প্রার্থী শাহীন কবির টুটুল; অপর প্যানেলে আছেন মুশফিকুর রহমান গুলজার ও সাফিউদ্দীন সাফি।
প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন আবদুল লতিফ বাচ্চু। নির্বাচন স্থগিত নিয়ে তারাও কোনো মন্তব্য করেননি।






