ভোলায় পল্লী বিদ্যুতের সাবস্টেশনে আগুন দেওয়ার চেষ্টা
এলাকাবাসীর ধাওয়ায় পালাল দুর্বৃত্ত

ভোলার তজুমদ্দিনে পল্লী বিদ্যুতের একটি সাবস্টেশনে ভোরবেলায় আগুন দেয়ার চেষ্টার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এ সময় পল্লী বিদ্যুতের কর্মী ও স্থানীয়রা ধাওয়া করলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
রবিবার ২৯ নভেম্বর ভোরবেলায় একদল দুর্বৃত্ত বাউন্ডারি ওয়াল টপকে ভিতরে ঢুকে পেট্টোল দিয়ে সাবস্টেশনে আগুন দেয়ার চেষ্টা করেন। এসময় বিদ্যুতের একজন লাইনম্যান প্রতিদিন সকালে পাখিদের খাবার দিতে উঠেন। রবিবার সকালেও তিনি পাখিদের খাবার দিতে উঠলে দুর্বৃত্তরা টের পেয়ে ওয়াল টপকে দৌড়ে পালিয়ে যায়। বিষয়টি টের পেয়ে এলাকাবাসী এগিয়ে আসেন। পরে তারা দুর্বৃত্তদের ধাওয়া করলে পালিয়ে যায়।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সহকারী পুলিশ সুপার ও তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান। তারা ঘটনাস্থল ঘুরে দেখেন এবং ঘটনার বিষয়ে খোঁজখবর নেন।
এ বিষয়ে তজুমদ্দিন পল্লী বিদ্যুতের এজিএম অসীম সরকার বলেন, সাবস্টেশনে আগুন দেয়ার চেষ্টার বিষয়টি প্রশাসনসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
তজুমদ্দিন উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) মোঃ বনি আমিন বলেন, বিদ্যুৎতের সাবষ্টেশনে আগুন দেয়ার চেষ্টার বিষয়টি শুনেছি। সরকারি জানমাল হেফাজতের বিষয়টি আমাদের প্রশাসনের দায়িত্ব। প্রত্যেক নৈশ প্রহরীকে রাতে বেলা সতর্ক থাকতে নির্দেশ দেয়া হয়েছে। এসব দুস্কৃতিকারীদের প্রতিহত করতে উপজেলার সব নাগরিকের সহযোগীতাও চান তিনি।





